চিরকুট পেল আমন্ত্রণ

ভারতের রাষ্ট্রপতি ভবনে গানের আমন্ত্রণ পেল বাংলাদেশের ব্যান্ড চিরকুট। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠান হবে আগামী ৫ নভেম্বর। এখানে আরও গান করবে ভারত আর পাকিস্তানের দুটি ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার চিরকুটের সুমী জানিয়েছেন, এরই মধ্যে তাঁরা ভারতীয় দূতাবাস থেকে এই আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর পরিবার, রাষ্ট্রপতি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা থাকবেন।
গত বছর নভেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি ভবনে গান করেছিল এলআরবি।
এবার দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসবেও গান করবে চিরকুট। ভারতের নয়াদিল্লির পুরান কেল্লায় এই উৎসব হবে ৭ থেকে ৯ নভেম্বর। আয়োজন করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’। বাংলাদেশের চিরকুট ছাড়াও এই উৎসবে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ভুটান, কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও নেপালের জনপ্রিয় ব্যান্ড।
চিরকুটের সদস্য সুমী বলেন, ‘ভারতের রাষ্ট্রীয় পর্যায় থেকে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। আমরা এখন এই দুটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি।’