চিরকুটে মুগ্ধ লন্ডন

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ‘বৈশাখী মেলা’য় চিরকুটের গান শুনে মুগ্ধ হয়েছেন প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক। ছিলেন স্থানীয় দর্শকও। গতকাল রোববার টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে এই মেলার আয়োজন করা হয়। প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় চিরকুট শুনিয়েছে ব্যান্ডের জনপ্রিয় হওয়া গানগুলো।
এরপর চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বলেন, ‘আমরা এবার প্রথম লন্ডনে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। বিদেশের মাটিতে এ এক অন্য অনুভূতি। পরিচিত আর অপরিচিত মানুষের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছি, তা ভোলার না।’

আজ সোমবার বিকেলে লন্ডন থেকে প্রথম আলোকে সুমি বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা! একটু চ্যালেঞ্জিংও ছিল। এখানে আসার পর বুঝতে পেরেছি, সবাই ফোক বা বাউল গান শুনে অভ্যস্থ। ব্যান্ডের গান একেবারেই হয় না। তার ওপর আমাদের সব মৌলিক গান। আবার অনেকের কাছে আমরা একবারেই নতুন। কিন্তু আমরা যতক্ষণ গান করেছি, মঞ্চ থেকে দেখেছি সবাই মুগ্ধ হয়ে শুনেছেন। আমাদের পারফরমেন্স শেষ হওয়ার পরও তাঁদের মুখে সেই মুগ্ধতার রেশ লেগে ছিল। অনুষ্ঠান শেষে আমরা অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছি।’
সুমি আরও বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশিদের সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নিয়ে আমরা খুব আনন্দিত।’

সুমী জানিয়েছেন, লন্ডনে বৈশাখী মেলায় গান গাওয়ার পাশাপাশি দেখা হয়েছে অনেকের সঙ্গে। আলাদাভাবে উল্লেখ করেন জনপ্রিয় সংগীতশিল্পী সোহিনী আলমের কথা। বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন চিরকুটের সদস্যরা। সেখানে আরও ছিলেন মেলার আয়োজকেরা। বিবিসি এশিয়া নেটওয়ার্কে গান আর আড্ডায় আমন্ত্রণ জানানো হয় চিরকুটের সদস্যদের। এ ছাড়া চ্যানেল এস-এ আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা।

যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর নরওয়ের পর চিরকুট এবার যুক্তরাজ্যে গান করেছে। গত ২৮ জুন লন্ডনের উদ্দেশে রওনা দেন চিরকুটের সদস্যরা। সেখানে যাওয়ার আগে প্রথম আলোকে সুমী বলেন, ‘এর আগে আমরা যেসব দেশে গান করেছি, সেখানে বাঙালির সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু এবার লন্ডনে যে অনুষ্ঠানে গান করব, শুনেছি, সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আসেন। প্রায় লাখো বাংলা ভাষাভাষীর মিলনমেলা হয়। দেশের বাইরে বাঙালিদের এত বড় মিলনমেলায় গান করব, ভাবতেই ভালো লাগছে।’

সুমী আরও বলেন, ‘যুক্তরাজ্যে বড়সংখ্যক বাঙালি জনগোষ্ঠী আছে। যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন তাঁরা। এবার আমরা তাঁদের বাংলা গান শোনানোর সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যখন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে আমন্ত্রণ পাই, তখন আমরা খুব খুশি হয়েছি।’