চিরকুটের তৃতীয় অ্যালবাম 'উধাও'

নতুন অ্যালবাম ও কাজ নিয়ে কথা হচ্ছিল চিরকুট ব্যান্ডের শিল্পী সুমির সঙ্গে। গতকালই নতুন একটি গান করেছেন তাঁরা। নাম ‘উধাও’। এটাই ছিল শেষ গান, অর্থাৎ নতুন অ্যালবামের ষষ্ঠতম গান। ঈদের আগে শ্রোতাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো অবমুক্ত করবেন তাঁরা। অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘উধাও’। এটি চিরকুটের তৃতীয় অ্যালবাম।
আজ দুপুরে কথাচ্ছলে সুমি জানান, গানগুলোর কথা ও সুর তাঁর কি না বড় কথা নয়। বড় কথা হলো গানগুলো চিরকুটের। একেবারে নতুন ও মৌলিক গান। ভীষণ ব্যস্ততার ভেতরেও মনপ্রাণ উজাড় করে এগুলোর জন্য কাজ করেছেন দলের সদস্যেরা। ভীষণ ব্যস্ততায় গেছে দলের একটা বছর। আজ এ দেশ তো কাল আরেক দেশ। আজ উৎসবে তো কাল সিনেমার জন্য গান। এর মধ্যেই অ্যালবামের কাজ করেছেন তাঁরা। সুমি জানান, তাঁরা বিশেষভাবে নজর দিয়েছেন প্রোডাকশনের দিকে। বাদবাকি সব সাধারণ। গানগুলো শোনা যাবে মোবাইল অ্যাপ ইয়োন্ডার মিউজিকে।
চিরকুটের বর্তমান সদস্যরা হলেন ড্রামস ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরীন, গিটার-বাঞ্জো-ম্যান্ডোলিন ও ইউকুলেলে ইমন চৌধুরী, কিবোর্ড ও হারমোনিয়ামে জাহিদ নিরব, বেজ গিটারে দিদার হাসান এবং লিরিক, টিউন ও কণ্ঠে শারমীন সুলতানা সুমি।