চিরকুটের সুরে অন্বেষার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্বেষা
অন্বেষা

ভারতের শিল্পী অন্বেষা এবার গান গেয়েছেন বাংলাদেশের চিরকুট ব্যান্ডের সুর করা একটি গানে। গানটির স্থায়ী অংশটুকু হলো ‘এই ঝুমকা এই নূপুর/ এই আঁচলের বাঁধ/ তোমাকে বিভোর আজ/ ধরবে কি এ হাত?’। গানটি ব্যবহার করা হচ্ছে একটি ছবির গানে। ছবির নাম পদ্মপাতার জল। পরিচালক তন্ময় তানসেন। তিনি জানালেন, এরই মধ্যে মুজরা ধাঁচের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অন্বেষা। গানটির সঙ্গে অভিনয় করেছেন মিম। এফডিসিতে এই গানের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন ইমন, অমিত হাসান, নিমা রহমান, রনি প্রমুখ।
চিরকুটের অন্যতম সদস্য সুমি বলেন, ‘গানটির সুর করা হয়েছে বেশ কিছুদিন আগে। আমরা চেয়েছিলাম এখানকার কোনো শিল্পী গানটিতে কণ্ঠ দিক। কিন্তু নির্মাতারা অন্বেষাকেই পছন্দ করেছেন। অন্বেষা কণ্ঠ দিয়েছেন কলকাতায়। পরে তাঁর কণ্ঠে গানটি শুনে ভালোই লেগেছে।’
২০০৭ সালে ‘আমুল স্টার ভয়েস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন অন্বেষা। এরপর তিনি গান করছেন ভারতের বাংলা, হিন্দি ও তামিল ভাষার ছবিতে। ঈদ উপলক্ষে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে গত শুক্রবার রাতে গান গেয়েছেন তিনি।
অনুষ্ঠানের ফাঁকে আলাপ প্রসঙ্গে অন্বেষা জানান, এর আগে রাজু আহমেদ পরিচালিত ভুল ছবিতে গান গেয়েছেন তিনি। আরও কয়েকটি ছবিতে গান গাওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে অ্যালবাম বের হওয়ার সম্ভাবনা আছে।