‘চুপিসারে বিয়েটা সেরে ফেলেছি’
নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান দিলেন সংগীতশিল্পী মৌমিতা তাশরীন নদী। গতকাল বৃহস্পতিবার পোস্ট করা সেই স্থিরচিত্রের সূত্র ধরে কথা হয় এই সংগীতশিল্পীর সঙ্গে। জানালেন, ‘বিয়েটা করেছি আরও পাঁচ মাস আগে। এত দিন জানানো হয়নি। গতকাল মনে হলো আর গোপন রাখা ঠিক হবে না। এবার সবাই জানুক। তাই জানিয়ে দিলাম।’
নদী বললেন, ‘চুপিসারে বিয়েটা সেরে ফেলেছি। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের কয়েকজন ছিলেন।’ গায়িকা নদীর বর হাসিন হাসনাত হৃদয় পেশায় একজন সংগীত পরিচালক। তরুণ প্রজন্মের এই গায়িকা এবং সংগীত পরিচালক তাঁদের বিয়ের খবর পাঁচ মাস পর জনসমক্ষে প্রকাশ করেন। গতকাল বরের সঙ্গে একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে নদী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। আপনারা সবাই দোয়া করবেন।’
২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে মৌমিতা নদীর পেশাদার সংগীতে যাত্রা শুরু। সেই থেকে গান প্রকাশ অব্যাহত রেখেছেন। হৃদয়ের সঙ্গে পরিচয় কবে থেকে জানতে চাইলে নদী বললেন, ‘এক বছরের প্রেমের পর আমরা বিয়ে করি। তবে প্রেমের সম্পর্কের পর আমরা পারিবারিকভাবে কথা বলি। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়েটা হয়।’
বছরখানেক প্রেমের সম্পর্ক চললেও রাজশাহীর মেয়ে নদীর সঙ্গে হৃদয়ের প্রথম দেখা একদম ছোটবেলায়। ঢাকায় ২০০৪ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দুজনই অংশ নিয়েছিলেন। নদী বললেন, ‘২০০৪ সালে নতুন কুঁড়ি অনুষ্ঠানের পর দীর্ঘ সময় আমাদের কোনো দেখাসাক্ষাৎ নেই। পেশাদার সংগীতে যাত্রা শুরুর পর ২০১৫ সালে আমাদের আবার দেখা হয়। আমরা একসঙ্গে গানও করেছি। হৃদয়ের সংগীত পরিচালনায় গান গেয়েছি। এরপর মনে হয়েছে, মানুষ হিসেবেও সে অসাধারণ।’
নদী বললেন, ‘বিয়ের ক্ষেত্রে একজন সুন্দর মনের মানুষ খুবই প্রয়োজন। যে মানুষ আমাকে বুঝবে, যার হাত ধরে আগামীর জীবনটা একসঙ্গে কাটিয়ে দিতে পারব। হৃদয় আমার জীবনে সে রকমই একজন ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি হ্যাপি। সবচেয়ে বড় যে ব্যাপার, আমি একটা চমৎকার পরিবারও পেয়েছি।’
নদী জানালেন, ‘আমার ছয়-সাতটি গানের সংগীত পরিচালক হৃদয়। সব কটি গান বিয়ের আগে প্রকাশিত হয়েছে। আরও কয়েকটি গান তৈরি করা আছে। এগুলো সামনে আস্তে আস্তে প্রকাশিত হবে।’