চেনা সুর, ভাষা অন্য

সুরগুলো চেনা, কিন্তু কথা অচেনা। কোনোটির কথা ইংরেজি, কোনোটা হিন্দি, স্প্যানিশ, আবার কোনোটা মাহালি ভাষার গান। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় ‘বিশ্বভাষায় বাংলা গান’ শিরোনামে রাজশাহী শিল্পকলা একাডেমি এই আয়োজন করে।
রাজশাহীর শিল্পী সুমি শারমিন রবীন্দ্রনাথের ‘পুরানো সেই দিনের কথা’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গান দুটি বাংলার সঙ্গে ইংরেজি ভাষায়, ‘ভ্রমর কইয়ো গিয়া’ লোকগানটি স্প্যানিশ ভাষায়, ‘নোঙর তোলো তোলো/সময় যে হলো হলো’ গানটি মাহালি ভাষায়, নজরুলের ‘অরুণকান্তি কে গো যোগী ভিখারি’ ও ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ আধুনিক গানটি হিন্দি ভাষায় পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। মুখ্য আলোচক ছিলেন সংগীতশিল্পী এম এ খালেক। অনুষ্ঠানের জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা বাউল গান পরিবেশন করেন। ক্ষুদ্র জাতিসত্তার কালচারাল একাডেমিসহ রাজশাহীর ১৪টি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এ অনুষ্ঠানে।