চ্যানেল আই প্রাঙ্গণে উত্সব মুখর রবীন্দ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিতা হকের হাতে রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হয় ছবি প্রথম আলো
রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিতা হকের হাতে রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হয় ছবি প্রথম আলো

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আজ সোমবার রবীন্দ্রমেলার আয়োজন করে। ১২তম বারের মতো তাদের এই রবীন্দ্রমেলায় ছিল প্রবীণ-নবীন শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, সিডির মোড়ক উন্মোচন পর্বসহ ভরপুর ও উৎসব মুখর নানা আয়োজন। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিতা হক ও রবীন্দ্র-গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎ কুমার সাহাকে এ বছর রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা দেওয়া হয়। তবে তিনি উপস্থিত ছিলেন না। পরে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে জানান আয়োজকেরা।

এক গুচ্ছ বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়
এক গুচ্ছ বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়

পঁচিশে বৈশাখ বিকেলের শুরুতেই রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে খোলা মঞ্চে এক গুচ্ছ বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে অংশ নেন-প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক করুণাময় গোস্বামী, আতাউর রহমান, আজাদ রহমান, রেজওয়ানা চৌধুরী বন্যা, ইকবাল বাহার চৌধুরী, মামুনুর রশীদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার, মেলার পৃষ্ঠপোষক রবি আজিয়াটা বাংলাদেশ প্রজেক্ট ডিরেক্টর ইন্টিগেশন শিহাব আহমেদ উপস্থিত ছিলেন।

রবীন্দ্রনাথের গান শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা
রবীন্দ্রনাথের গান শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা

উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হতেই ভবনের খোলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চ থেকে পরিবেশিত হয় প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত ও আবৃত্তি। শিল্পীদের কণ্ঠে শোনা গেলো ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘রবির আলো সাড়া দিল, ‘তোমার সুরে ধারায় ঝরে’, ‘আমি কান পেতে রই’ ‘জানি নাই সাধন তোমার বলে’, ‘ভুবনজোড়া আসনখানি’, ‘বিশ্ব সাথে যোগে যেথায়’, ‘কোন সূদুর হতে’সহ রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান। শিল্পীরা ছিলেন রেজওয়ান চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, বিদিশা দেওয়ানজী, তানিয়া মান্নান, অনিমা রায়, বিকাশ রায়হান প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন ইকবাল বাহার চৌধুরী ও শামীম আশরাফ চৌধুরী। দলীয় পরিবেশনায় অংশ নেয় সুরের ধারা। এর আগে ‘হে নূতন দেখা দিক আর বার’ গানের সঙ্গে রবীন্দ্র নৃত্য পরিবেশন করে বাফার নৃত্য শিল্পীরা। ‘আকাশ ভরার সূর্য তারা’ গানের সঙ্গে তারা আরও একটি নৃত্য পরিবেশন করে।

গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা ছবি প্রথম আলো
গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা ছবি প্রথম আলো

মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অডিও অ্যালবাম ‘বর্ষার গান’ ইমতিয়াজ আহমেদের ‘নিভৃত প্রাণের গান’ ও বিদিশা দেওয়ানজীর ‘এসো হে আনন্দময়’ রবীন্দ্রসংগীতের অডিও সিডিও উন্মোচন করা হয়। এ সময় প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামালা লোহানী, নাট্যজন মামুনুর রশীদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবি আজিয়াটা বাংলাদেশে সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, এনআরবি বাজারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে বসে রবীন্দ্রনাথকে উপলক্ষ করে ছবি আঁকেন শিল্পী আবদুল মান্নানসহ বেশ কয়েকজন চিত্রশিল্পী।
মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শন করা হয় রবীন্দ্র গ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্রসংগীতের রেকর্ড কাভার, রবীন্দ্র পোশাক, রবীন্দ্রনাথ সংক্রান্ত ভিডিও সিডি। ছিল রবীন্দ্রসংগীতের গানের বিক্রয় কেন্দ্র, রবীন্দ্র চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি।