চ্যানেল আইতে বাংলা খেয়াল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই ভবনে বাংলা খেয়াল উত্সব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক ও শিল্পীরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।
চ্যানেল আই ভবনে বাংলা খেয়াল উত্সব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক ও শিল্পীরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’। উচ্চাঙ্গসংগীতের এই মহাযজ্ঞের আসর বসবে আগামী ৮ ফেব্রুয়ারি। বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আজ সোমবার দুপুরে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে উৎসবটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবটি ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে টানা চলবে পরদিন সকাল ৯টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে। এই সংগীতকে প্রসারের জন্য চ্যানেল আই কাজ করছে। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, চ্যানেল আইয়ের এই উৎসবের কারণে অনেকেই খেয়াল শোনা এবং চর্চার ব্যাপারে আগ্রহী হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতব্যক্তিত্ব করিম শাহাবুদ্দিন, হারুনুর রশীদ, নাশিদ কামাল প্রমুখ।

শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকে সংস্কৃতির বিভিন্ন অংশ প্রসারে কাজ করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। খেয়াল তথা উচ্চাঙ্গসংগীত যেকোনো সংগীতের প্রাণ। ছোটবেলায় যখন উচ্চাঙ্গসংগীত টেলিভিশনে দেখতাম, তখন সেভাবে আগ্রহ পেতাম না। কিন্তু এখন সময় পাল্টেছে। সুন্দরভাবে খেয়াল বা উচ্চাঙ্গসংগীত পরিবেশিত হচ্ছে। মানুষের দৃষ্টিও বদলাচ্ছে। তিনি আরও বলেন, ‘আগে খেয়াল উর্দু, হিন্দিতে হতো। এখন বাংলায় খেয়াল হচ্ছে। আশা করছি, বিগত বছরগুলোর তুলনায় এ বছর আরও বড় পরিসরে আয়োজিত হবে বাংলা খেয়াল উৎসবটি। উৎসবটি চ্যানেল আইয়ের ছাদবারান্দা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’