চ্যানেল আইয়ের 'ব্যান্ড উৎসব' ১ ডিসেম্বর

চ্যানেল আইয়ের প্রাঙ্গণে ১ ডিসেম্বর আয়োজন করা হয়েছে ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৫, পাওয়ারড বাই সিম্ফনি’। এ উৎসব উপলক্ষে আজ রোববার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও ওমর খালেদ রুমি।
‘এই দেশে তো অনেক দিবস আছে। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর শুধু আমাদের দেশের ব্যান্ডের সদস্যদের জন্য।’ বললেন উৎসবের অন্যতম উদ্যোক্তা ও এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘আমরা যারা ব্যান্ড মিউজিকের সঙ্গে সম্পৃক্ত আছি, এই দিন আমরা গান করব ব্যান্ড উৎসবে। ওই দিন এই মঞ্চ সব ভালো ব্যান্ডের জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো ব্যান্ড এসে এখানে অংশ নিতে পারবে। গান গাইতে পারবে।’
আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘ক্রিকেট যেমন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলাদা অবস্থান তৈরি করে দিয়েছে, তেমনি আমাদের ব্যান্ডসংগীতও বিশ্বের তরুণদের কাছে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের ব্যান্ডের গান একদিন ছড়িয়ে যাবে বিশ্বের নানা প্রান্তে।’
চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এই ব্যান্ড উৎসবে অংশ নিচ্ছে গানের দল এলআরবি, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্রাদারহুড, ব্ল্যাক, জলের গান, তিরন্দাজ, উচ্চারণ,পিপিলিকা, বাংলাদেশ ও মেট্রিক্যাল।
এদিকে, উৎসব প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘আমরা একটু অন্যরকম উৎসব আয়োজন করতে যাচ্ছি। সাধারণত যেসব উৎসব আয়োজন করা হয়, তা থেকে আলাদা। শুদ্ধ ধারার ব্যান্ডসংগীতকে আমরা তরুণ প্রজন্মের কাছে আরও ছড়িয়ে দিতে চাই।’
জ্যেষ্ঠ ব্যান্ড তারকা ওমর খালেদ রুমি বলেন, ‘১৯৭২ সালে আমরা যখন ব্যান্ডের গানের চর্চা শুরু করি, তখন বাদ্যযন্ত্র আর কারিগরি ব্যবস্থা ছিল অপ্রতুল। ছিল নানা সীমাবদ্ধতা। এখন সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। সবকিছুই একেবারে হাতের নাগালে। এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যান্ড চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
ব্যান্ড সংগীতের তারকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, হাসান, বিপ্লব, কনক, টনি, পারভেজ প্রমুখ। বক্তব্য দেন পার্কি বিস্কুট লি.-এর ন্যাশনাল সেলস ম্যানেজার জাকিরুল আলম ও সিম্ফনির কর্মকর্তা মেজর (অব.) আবদুল মালেক মিয়াজি।
১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৫, পাওয়ারড বাই সিম্ফনি’ শুরু হবে বেলা ১১টা ৫ মিনিটে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। পুরো উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।