ছদ্মবেশে সনু নিগম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছদ্মবেশে রাস্তায় গান গা​ইছেন সনু নিগম
ছদ্মবেশে রাস্তায় গান গা​ইছেন সনু নিগম

স্থান ভারতের মুম্বাই। রোদ ঝলমলে এক সকাল। রাস্তা ধরে হারমোনিয়াম হাতে এগিয়ে আসছেন এক বৃদ্ধ। গায়ে মলিন পোশাক, উষ্কখুষ্ক সাদা চুল। মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটপাতে ছালা পেতে বসে পড়লেন তিনি। এরপর সুরেলা কণ্ঠে গাইতে শুরু করলেন বলিউডের সিনেমার খুব জনপ্রিয় কিছু ধীরগতির গান। পথচারীরা বৃদ্ধের কণ্ঠের জাদুতে থমকে দাঁড়িয়ে গেলেন তাঁর সামনে। আস্তে আস্তে সেখানে ভিড় বাড়তে থাকল। ভিড়ের মধ্যে এক তরুণ ওই বৃদ্ধের গানের প্রশংসা করে তাঁর সঙ্গে হাত মেলাতে চাইলেন। হাত মেলানোর সময় তিনি জানতে চাইলেন, ‘আঙ্কেল, আপনি কি সকালে নাশতা করেছেন?’
বৃদ্ধ কোনো উত্তর না দিয়েই তাঁর বাদ্যযন্ত্র হাতে নিয়ে উঠে দাঁড়ালেন, হেঁটে যেতে থাকলেন সামনের দিকে।
সাধারণ একটি দিনের, খুব স্বাভাবিক একটি ঘটনা হতে পারত এটি। কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ, বৃদ্ধের ছদ্মবেশে সেদিন পথচারীদের গান শুনিয়েছিলেন ভারতের প্রখ্যাত শিল্পী সনু নিগম। বলিউডের জনপ্রিয় এই গায়ক এ সপ্তাহের শুরুর দিকে ঘটিয়েছেন এ কাণ্ড! সনুর এই অভিনব অভিজ্ঞতার কিছু অংশ ভিডিওতে ধারণ করা হয়েছে। ইন্টারনেটে সেই ভিডিও পোস্ট করার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। অসাধারণ মেকআপের কারণে ভিডিওতে সনুকে একেবারে চেনাই যাচ্ছে না। কাছ থেকে যাঁরা তাঁকে এই বেশে দেখেছিলেন, তাঁরাও একেবারে চিনতে পারেননি তাঁদের প্রিয় এই তারকাকে।
হঠাৎ কোন খেয়ালে এমন কাজ করলেন সনু? ‘গানবাজনা খুব কম মানুষকে দিয়েই হয়। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যে গানের শিক্ষার্থী। ইচ্ছা হলো আমি যাঁদের জন্য গান গাই, তাঁদের আরও কাছাকাছি যাই। সেই একই কণ্ঠ, একই মানুষ। কেবল পোশাক আর বয়সটাই পাল্টে হাজির হয়েছিলাম।’ বলছিলেন সনু নিগম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়কের জীবনে এটি নাকি অন্যতম স্মরণীয় ঘটনা।
ভিডিওতে যে তরুণকে তাঁর সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল, সেই তরুণের সঙ্গে আবার দেখা করার ইচ্ছা সনুর। কারণ, হাত মেলানোর কথা বলে ওই তরুণ সনুর হাতে গুঁজে দিয়েছিলেন ১২ রুপি, নাশতা খাওয়ার জন্য। উপস্থিত সবার নজর এড়িয়েই কাজটি করেছেন তিনি। ভক্তের এমন আচরণে মুগ্ধ সনু। সেই ১২ রুপি ফ্রেমে বাঁধিয়ে রেখেছেন। ব্যাপারটি নিয়ে তিনি বলেছেন, ‘সব সময় তো লোকে আমাকে আমার রূপেই দেখে। এবার ভিন্ন রূপে, সম্পূর্ণ অচেনা এক পরিবেশে গান গেয়ে আমার দারুণ অভিজ্ঞতা হলো। সেই ছেলের দেওয়া ১২ রুপি আমার কাছে লাখ টাকার সমান।’
এদিকে সনু নিগমের এই কাজকে বাহবা দিচ্ছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে তাঁর এই ভিডিও।
ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে