ছন্দটাই আমার কাছে মুখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মিথুন চক্রবর্তীকে বিভিন্ন কনসার্টে ড্রামস আর পারকাশন বাজাতেই দেখা গেছে। এবার তিনি সংগীতশিল্পীর পরিচয়ে আসছেন সবার সামনে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘বাঁশখালী মইষখালী’ গানটিকে নতুন সংগীতায়োজনে গেয়েছেন মিথুন। এর নতুন নাম দিয়েছেন ‘সাম্পানওয়ালা’। বিভিন্ন রেডিও চ্যানেলে বাজছে গানটি। সপ্তাহ খানেকের মধ্যে টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে এর ভিডিও প্রচারিত হবে। যন্ত্রশিল্পী মিথুনের গান গাওয়াসহ বিভিন্ন প্রসঙ্গে কথা হলো।
‘সাম্পানওয়ালা’ গানের ভিডিওর দৃশ্যে মিথুন
‘সাম্পানওয়ালা’ গানের ভিডিওর দৃশ্যে মিথুন

হঠাৎ করেই গান গাইলেন?
একদম তাই। তবে গান গাওয়ার পেছনে কিন্তু কারণ আছে।
কী কারণ?
ইন্সট্রুমেন্টাল নিয়ে আমি অনেক কিছু করতে চাই। ওটাই আমার প্রধান লক্ষ্য। আসলে ছন্দ নিয়ে কাজ করাটাই আমার কাছে মুখ্য বিষয়। আমার পরিবারও সংগীতের। বাবা অভিজিৎ চক্রবর্তীর কাছ থেকে ছন্দ পেয়েছি আর মা কল্যাণী ঘোষের কাছ থেকে সুর। চেষ্টা করেছি ‘সাম্পানওয়ালা’ গানটির মাধ্যমে ছন্দ আর সুরে বসবাস করতে। এটাকে ইন্সট্রুমেন্টাল করার আগে ওয়ার্মআপও বলতে পারেন।
গান কি নিয়মিত গাইবেন?
একদমই না। ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে কথা-সুরের সঙ্গে ছন্দের সমন্বয় করা।
‘সাম্পানওয়ালা’ গানটি নিয়ে কিছু বলুন।
আমার মা দীর্ঘদিন ধরে সঞ্জিত আচার্যের সঙ্গে জুটি বেঁধে গান করেছেন। ছোটবেলায় ‘বাঁশখালী মইষখালী’ গানটি যে কতবার শুনেছি, তা বলতে পারব না। গানটির প্রতি আমার ভালোবাসাটা অনেক। যখন নিজে গান করার কথা ভাবছিলাম, তখন এটি ছাড়া অন্য কোনো গানের কথা ভাবতে পারিনি। তা ছাড়া চট্টগ্রামের ছেলে হিসেবে নিজের এলাকার প্রতি ভালোবাসাও বলতে পারেন। এই গানটি করার ক্ষেত্রে আরও দুজন মানুষের কথা না বললেই নয়, তাঁরা হলেন হাবিব ওয়াহিদ ও জালাল। তাঁরা আমাকে উৎসাহ আর অনুপ্রেরণার পাশাপাশি ভালোবেসে গানটিতে অবদানও রেখেছেন।
নতুন কোনো কাজের পরিকল্পনা করছেন?
আমার মা কল্যাণী ঘোষ অনেক গান গেয়েছেন। একে একে তাঁর গানগুলোর নতুন সংগীতায়োজন করতে চাই। মঞ্চে মায়ের সঙ্গে এই গানগুলোর পরিবেশনায়ও অংশ নেব।
সাক্ষাৎকার: মনজুর কাদের