ছবির জন্য লোকগান গাইলেন ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ন্যান্‌সি

গানের জগতে পা রাখার সময়ের হিসেবে দশক পেরিয়েছেন ন্যান্‌সি। এ দীর্ঘ সময়ে রোমান্টিক ঘরানার গানেই সবাই তাঁকে বেশি দেখেছেন। মাঝে-মধ্যে অবশ্য নজরুল সংগীতও গাইতে দেখা গেছে তাঁকে। তবে এবারে ন্যান্‌সি কণ্ঠ দিলেন লোকগানে; তাও আবার চলচ্চিত্রে। ন্যান্‌সি নিজেও বোধ হয় এই ভিন্নতা টের পেয়েছেন স্পষ্ট করে। তাঁর কথাতেও ফুটে উঠেছে সেটা। ন্যান্‌সি বললেন, ‘এবারে একেবারেই অন্য ধরনের একটি গান গাইলাম। যা এর আগে কখনোই গাওয়া হয়নি।’ এ ধরনের গান গাইতে পেরে ন্যান্‌সি বেশ আনন্দিত।

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ন্যান্‌সি। ‘মনের ভেতরে মনের বাহিরে, তুমি ছাড়া আর কেহ নাই’-এমন কথার গানটি লিখেছেন শাহ আলম সরকার। ‘অঙ্গার’ ছবির এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
ন্যান্‌সি বলেন, ‘আমার কাছে মনে হয়, লোকগান কিংবা ভাওয়াইয়া গানের আলাদা একটা ছক আছে। এসব গানে এমন কিছু কারুকাজ আছে যা অন্য অনেক গানে নেই। আমার যেহেতু এর আগে কোনো লোকগান গাওয়ার অভিজ্ঞতা ছিল না, তাই এমন একটি গান গাওয়ার প্রস্তাব পেয়ে বেশ খুশি হয়েছিলাম। গানটি গেয়েও আমি খুব মজা পেয়েছি। নতুন একটা অভিজ্ঞতা হলো।’
ন্যান্‌সি এও বলেন, ‘বাংলাদেশের লোকগানে শাহ আলম সরকার খুব পরিচিত একটা নাম। মমতাজ আপার কণ্ঠে তাঁর অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আমার বিশ্বাস, আমার গাওয়া এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’
ন্যান্‌সি বর্তমানে তাঁর নতুন একক অ্যালবামের কাজ নিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করছেন। কোরবানির ঈদে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে। এটি হবে ন্যান্‌সির চতুর্থ একক গানের অ্যালবাম।
বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নিজেকে সফলভাবে উপস্থাপন করে আসছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। সিনেমার গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও ছয়বার মনোনীত হয়েছেন সেরা সংগীতশিল্পী হিসেবে। ২০০৫ সালের শেষ দিকে ‘হৃদয়ের কথা’ ছবির গানের মাধ্যমে ন্যান্‌সির যাত্রা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।