ছাতিমগাছতলায় বন্যার জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই কার্যালয়ের চেতনা চত্বরে ছাতিমগাছতলায় সবাইকে নিয়ে কেক কাটছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
চ্যানেল আই কার্যালয়ের চেতনা চত্বরে ছাতিমগাছতলায় সবাইকে নিয়ে কেক কাটছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সাতসকালে ছাতিমগাছতলায় বর্ণাঢ্যভাবে জন্মদিন পালন করা হলো বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ের চেতনা চত্বরের ছাতিমগাছের নিচে শুরু হয় গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। বিশেষ এই আয়োজনের উপলক্ষ রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে শীতের এই সকালে ছাতিমগাছতলায় শিল্পী, অভিনেতা, লেখক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। সঙ্গে চলে রেজওয়ানা চৌধুরী বন্যার গান। কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় জন্মদিনের সকালের আয়োজন।

সুরের ধারা আয়োজিত পৌষমেলায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সাবিনা ইয়াসমিন
সুরের ধারা আয়োজিত পৌষমেলায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সাবিনা ইয়াসমিন

জন্মদিনের আয়োজন নিয়ে প্রথম আলোকে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘কখনো নিজের জন্মদিন নিয়ে খুব বেশি পরিকল্পনা করিনি। প্রতিবছরই প্রিয়জনেরাই আমার জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করেন। বিশেষ করে জন্মদিনের আগের রাত থেকে শুরু হয় শুভেচ্ছা জানানোর পর্ব। প্রিয়জনদের মধ্যে কেউ কেউ সরাসরি, আবার কেউ মুঠোফোনে শুভেচ্ছা জানান। শুভাকাঙ্ক্ষী আর ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসাতেই কেটে যায় দিনটি। সবার কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা আমাকে নতুন করে কাজে অনুপ্রেরণা দেয়।’
চ্যানেল আইয়ের অনুষ্ঠান শেষ করে রেজওয়ানা চৌধুরী বন্যা যান লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে তারই গড়া সংগীতশিক্ষার প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত পৌষ মেলায়। সেখানেও প্রিয় শিল্পীর জন্মদিন উদ্‌যাপন করে সংগঠনটির শিক্ষার্থীরা।