ছাদঘরে 'রোদ রেলিং'

চ্যানেল আইয়ের ছাদঘরে বসে ‘ব্যস্ত টারমিনাস’ গানের ভিডিওটি দেখছিলেন বেশ কয়েকজন শিল্পী। গানের নারীকণ্ঠটি ছিল শিল্পী সাহিনার। রোমাঞ্চকর একটা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে ছিলেন তিনি। ওই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার—তাঁর জন্য এ এক পরম পাওয়া। সাহিনার নতুন অ্যালবাম ‘রোদ রেলিং’-এর মোড়ক উন্মোচনের লগ্ন ছিল কাল।
গতকাল বুধবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সংগীতশিল্পী ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার, নায়ক ফেরদৌস প্রমুখ। তরুণ কণ্ঠশিল্পী সাহিনার তৃতীয় একক গানের অ্যালবামের মোড়ক খোলেন তাঁরা। অ্যালবামের গানগুলোর সুরকার ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার বলেন, ‘সাহিনার সাবলীল গায়কি আমার সুরগুলোকে নতুন মাত্রা দিয়েছে।’ নায়ক ফেরদৌসও সাহিনার গানের প্রশংসা করে জানালেন, তাঁর ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে কুমার বিশ্বজিতের সঙ্গে একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন সাহিনা।
বাপ্পার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত এই তরুণ শিল্পী। তিনি বললেন, ‘আমি যে কতটা আনন্দিত, সেটা বলে বোঝানো যাবে না। বাপ্পাদার মতো স্বনামধন্য শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। আমি শিখছি, আমাকে অনেক প্রেরণা জোগাবে এই কাজ।’
১৯৯৮ সালে ছায়ানট থেকে পাস করেন সাহিনা। ২০১৩ সালে চ্যানেল আই সেরাকণ্ঠে সেরা ২০-এর মধ্যে ছিলেন তিনি। খানিকটা আক্ষেপ নিয়েই বললেন, ‘এরপর আর বেশি দূর যেতে পারিনি। কিন্তু গানকে ভালোবাসি বলেই চেষ্টা করে যাচ্ছি।’ বাংলাদেশ টেলিভিশনে নজরুল ও আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী তিনি। গান করেন বাংলাদেশ বেতারেও।
‘রোদ রেলিং’ অ্যালবামের গানগুলো লিখেছেন রাজীভ, স্বপ্নীল, লিটন ঘোষ ও রবিউল ইসলাম। অ্যালবামে রয়েছে ‘ঘোর প্রহরে চুপকথারা’, ‘ক্রেজি হার্ট’, ‘রোদ রেলিং’, ‘হাত বাড়ালেই তুমি’ ও ‘পাখির ডানায় রোদের ঝিলিক’ গানগুলো। ইমপ্রেস অডিও ভিশন লিমিটেডের প্রকাশনায় এ অ্যালবামটি পাওয়া যাবে জিপি মিউজিকে।