ছায়ানটে হয়ে গেল শাস্ত্রীয় সংগীতের আসর

শীতের মৌসুমে রাজধানীতে শাস্ত্রীয় সংগীত নিয়ে হচ্ছে একের পর এক আয়োজন। এই যেমন গতকাল ছায়ানটে হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের নতুন একটি আয়োজন ‘হারমোনি’। আয়োজনে ছিল কণ্ঠসংগীত, তবলা ও সেতারবাদন।
পেশকার কালচারাল ফোরামের আয়োজনে সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে শুরু হয় রাগসংগীতের এই আসর। শুরুতে চিন্ময় ভৌমিক একক তবলা কীর্তন পরিবেশন করেন। পণ্ডিত সুরেশ তালওয়ালকারের শিষ্য চিন্ময় একে একে দর্শকদের শোনান ‘কায়দা’, ‘রেলা’, ‘মধ্যলয় তিনতাল’। এ সময় হারমোনিয়ামে ছিলেন প্রশান্ত ভৌমিক।
এরপর কিরানা ঘরানার শিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দীন পরিবেশন করেন রাগ ‘মরু-বিহাগ’। এরপর তিনি দাদরা তালে পরিবেশন করেন একটি ঠুমরী। তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করেছেন মীর নাকিবুল ইসলাম। হারমোনিয়ামে ছিলেন তালহা-বিন-আলী।
সবশেষে মঞ্চে ওঠেন কলকাতার বিখ্যাত সেতারবাদক পার্থ প্রতিম রায়। মাইহার ঘরানায় এ শিল্পী প্রথমেই পরিবেশন করেন ঘরানাটির প্রবর্তক ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের সৃষ্ট রাগ ‘হেমন্ত’। তবলায় এবারও ছিলেন মীর নাকিবুল ইসলাম। এরপর সেতারে তিনি রাগ খাম্বাজের ওপর রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ ও পল্লীসংগীত ‘সোহাগ চাঁদ বদনী’–এর ধুন বাজান। অনুষ্ঠান শেষ হয় ঠুমরী ‘পিয়া ঘর আয়ে’ পরিবেশনার মাধ্যমে।