ছিটমহলে বন্যার নেতৃত্বে শতকণ্ঠে দেশের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলাদেশের জাতীয় সংগীত গাইবে অধুনালুপ্ত ছিটমহলের অধিবাসীরা। এবারই প্রথম বিজয় দিবস পাচ্ছে তাঁরা। পঞ্চগড়ে বারাতি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শতকণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত আর দেশের গান। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণ ফোন ও চ্যানেল আই।

এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানের যে গানগুলো গাওয়া হবে, এর মধ্যে রয়েছে ‘জাতীয় সংগীত’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘ও আমার দেশের মাটি’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’। এ ছাড়া, মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জাগানো গানের মধ্য থেকে এ অনুষ্ঠানে গাওয়া হবে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘লাখো লাখো শহীদের রক্তে মাখা’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘সার্থক জনম আমার’ গানগুলি।

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে এই গানগুলোতে কণ্ঠ দেবেন সুরের ধারা, পঞ্চগড়ের দুটি স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

আয়োজনটি তত্ত্বাবধান করছেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম। তিনি এখন আছেন পঞ্চগড়ে। আজ সকালে সেখান থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, ১৫ ডিসেম্বর বারাতি কলেজ মাঠে হবে চূড়ান্ত মহড়া। মহড়া পরিচালনা করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি জানান, ১৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে বেলা আড়াইটায়। এই সময় গাওয়া হবে জাতীয় সংগীত আর ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানটি। এই আয়োজন নিয়ে বলবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। থাকবেন গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। 


দেশের সবকটি টিভি চ্যানেল ৩০ মিনিটের এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে। তবে চ্যানেল আই সম্প্রচার করবে বিকেল চারটা পর্যন্ত। এ সময় গাওয়া হবে অন্য গানগুলো। সম্মেলক কণ্ঠের গান ছাড়াও এ অনুষ্ঠানে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবেশনা।

এই আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, ‘ছিটমহলগুলোতে কখনো যাওয়ার সুযোগ হয়নি। কিছুদিন আগেও সেখানে যাওয়ার কথা ভাবতেই পারিনি। আর আজ সেই সব ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশের নাগরিক। স্বাধীন দেশের স্বাধীন মানুষ। এবার আমি সেখানে যাচ্ছি। কী যে ভালো লাগছে, এ অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি তো বলব, সবাই আসুন। অধুনালুপ্ত ছিটমহলের অধিবাসীদের সঙ্গে সবাই মিলে জাতীয় সংগীত গাই। তাদের প্রথম বিজয় দিবস উদ্‌যাপনে পুরো দেশবাসী অংশ নিই।’