ছিটমহলে বন্যার নেতৃত্বে শতকণ্ঠে দেশের গান

এবার বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় সংগীত গাইবেন অধুনালুপ্ত ছিটমহলের অধিবাসীরা। পঞ্চগড়ের বারাতি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠােনর। এই অনুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শতকণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত আর দেশের গান। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও চ্যানেল আই।
এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। গানের তালিকায় রয়েছে জাতীয় সংগীত, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘ও আমার দেশের মাটি’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘লাখো লাখো শহীদের রক্তে মাখা’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘সার্থক জনম আমার’। জানা গেছে, রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে গানগুলোতে কণ্ঠ দেবেন সুরের ধারা, পঞ্চগড়ের দুটি স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা।
আয়োজনটি তত্ত্বাবধান করছেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম। তিনি এখন আছেন পঞ্চগড়ে। গতকাল রোববার সেখান থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার বারাতি কলেজ মাঠে হবে চূড়ান্ত মহড়া। মহড়া পরিচালনা করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
১৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে বেলা আড়াইটায়। এই আয়োজন নিয়ে কথা বলবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। থাকবেন গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দেশের সব কটি টিভি চ্যানেল ৩০ মিনিটের এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে।
চ্যানেল আই এ অনুষ্ঠান সম্প্রচার করবে বিকেল চারটা পর্যন্ত। এই আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি রেজওয়ানা চৌধুরী বন্যা। বললেন, ‘ছিটমহলগুলোতে কখনো যাওয়ার সুযোগ হয়নি। কিছুদিন আগেও সেখানে যাওয়ার কথা ভাবতেই পারিনি। আজ সেই সব ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশের নাগরিক। এবার আমি সেখানে যাচ্ছি। কী যে ভালো লাগছে, এ অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি তো বলব, সবাই আসুন। অধুনালুপ্ত ছিটমহলের অধিবাসীদের সঙ্গে সবাই মিলে জাতীয় সংগীত গাই। তাঁদের প্রথম বিজয় দিবস উদ্যাপনে পুরো দেশবাসী অংশ নিই।’