ছেলেকে নিয়ে 'আবার এল যে সন্ধ্যা' গাইলেন ঈশিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে যাভীর দৌলার সঙ্গে মা রুমানা রশিদ ঈশিতা। ছবি: সংগৃহীত
ছেলে যাভীর দৌলার সঙ্গে মা রুমানা রশিদ ঈশিতা। ছবি: সংগৃহীত

ছেলে যাভীর দৌলার অনেক দিনের ইচ্ছা একটি গান গাইবে, সেটি শোনানোর জন্য শ্রোতাদের কাছে পৌঁছে দেবে। এদিকে অভিনয়শিল্পী মা রুমানা রশিদ ঈশিতার মনে মনে পরিকল্পনা, মা–ছেলে দুজন একসঙ্গে একটি গান গাইবেন। দুজনেরই খুব পছন্দের গান লাকী আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’। গানপ্রেমীদের কাছে মা–ছেলে তাঁদের আত্মপ্রকাশে বেছে নিলেন তাঁদের ভীষণ প্রিয় এই গান। গত রোববার দুপুরে ঢাকার মোহাম্মদপুর রিং রোডে সংগীত পরিচালক মেহেদীর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ঈশিতা ও তাঁর ছেলে যাভীর। ছেলের সঙ্গে গান প্রকাশিত হতে যাচ্ছে ভেবে ভীষণ উচ্ছ্বসিত মা ঈশিতা।

ঈশিতা জানান, সোমবার গানটির ভিডিও চিত্রের শুটিং হয়। ভিডিও নির্মাতা মঞ্জু আহমেদ। নতুন বছরের প্রথমে জি–সিরিজের ব্যানার থেকে গানটি প্রকাশিত হবে। কথা ও সুর ঠিক রেখে গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।

অভিনয়শিল্পী ঈশিতা ছোটবেলায় গানেও সমান পারদর্শী ছিলেন। অভিনয়ে মনোযোগী হতে গিয়ে তা আর করা হয়নি। ২০০২ সালে একটি অ্যালবামের জন্য গেয়েছিলেন। ১৬ বছর পর ‘তোমার জানালায়’ দিয়ে বিরতি ভাঙেন তিনি। এরপর ‘আমার অভিমান’ নামে আরেকটি গান প্রকাশিত হয়। এবার লাকী আখান্দের গাওয়া মা–ছেলের প্রিয় গানটি কণ্ঠে তুললেন তাঁরা। রুমানা রশিদ ঈশিতা বলেন, ‘আমার ছেলের খুব শখ ছিল একটা গান গাইবে। আমাদের দুজনেরই খুব প্রিয় একটা গান, “আবার এল যে সন্ধ্যা”। আমরা কাভার করেছি।’

ছেলে যাভীর দৌলার সঙ্গে মা রুমানা রশিদ ঈশিতা। ছবি: সংগৃহীত
ছেলে যাভীর দৌলার সঙ্গে মা রুমানা রশিদ ঈশিতা। ছবি: সংগৃহীত

যাভীর দৌলার বয়স ১০ বছর, ঢাকার একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। চার বছর ধরে গিটার শিখছে সুজা ইসলামের কাছে। গানের তালিমও নিচ্ছে তাঁর কাছে। যাভীর দৌলা জানায়, মায়ের সঙ্গে গান গাইতে পেরে তার খুব ভালো লাগছে। তার আশা, ‘যাঁরাই গানটি শুনবেন, আম্মুর সঙ্গে গাওয়া গানটি গান বেশ উপভোগ করবেন।’ কথায় কথায় যাভীর এ–ও জানায়, ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি তাদের খুব প্রিয়। গিটার শেখার পর গানটি বাজিয়ে মাকে দেখায়। রেকর্ডিংয়ের আগে এই গানটি অনেকবার প্র্যাকটিসও করেছে।

সর্বশেষ গত ঈদে প্রকাশিত হয়েছে ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লুৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। এরই ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই নাটক ও গানে সময় দেন তিনি।