ছেলের কণ্ঠে বাবার গান

‘এক সেকেন্ডের নাই ভরসা’ প্রয়াত ফিরোজ সাঁইয়ের জনপ্রিয় একটি গান। মঞ্চে এ গান গাইতে গাইতেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর নতুন করে সেই গান গাইলেন তাঁর ছেলে রায়হান ফিরোজ।
বাবা ফিরোজ সাঁইয়ের গানটি নতুন করে গাইতে পেরে গর্বিত রায়হান। বললেন, ‘বাবার কাছেই আমার গানের হাতেখড়ি। তখন থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে বাবার মতো গাইব। এর মাঝে বাবার কিছু গান বিভিন্ন সময় চেষ্টা করেছি নিজের মতো করে গাইতে। নতুন প্রজন্ম যেন গানগুলো গ্রহণ করতে পারে তার জন্য এর সঙ্গে নতুন কিছু যোগ করছি।’
নতুন করে গাওয়া গানটি নিয়ে রায়হান আরও বলেন, ‘বহুবার চেষ্টার পরও এক সেকেন্ডের নাই ভরসা গানটি করার সাহস করতে পারিনি। যতবার গানটি গাওয়ার চেষ্টা করি বাবাকে খুব মনে পড়ে। অবশেষে বাবার গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।’
এরই মধ্যে গানটি অনলাইনে প্রকাশ করেছেন রায়হান।
দীর্ঘ সময় ধরেই গানের চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। বেশকিছু বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল ও বিভিন্ন মিশ্র অ্যালবামের গানে কাজ করেছেন রায়হান।