ছোটদের জন্য পাপী মনার গান

তরুণ সংগীতশিল্পী পাপী মনার নতুন গান মুক্তি পেয়েছে জিপি মিউজিকে। ঈদকে সামনে রেখে জিপি মিউজিক ‘একদিন ছোটরাও বড় কিছু হয়’ শিরোনামের গানটি মুক্তি দিয়েছে। গানটি নিয়ে শিল্পী বলেন, ‘এখন ছোটদের কথা ভেবে গান খুব কম তৈরি হয়। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই। তাই এ গানটি তাঁদের জন্য করা।’
নতুন এ গানটির শিগগিরই ভিডিও তৈরি করবেন শিল্পী। মনা বলেন, ‘জিপি মিউজিকে মুক্তির পর এবার আমি এর ভিডিও তৈরি করব। ভিডিওটি নিয়ে আমার কিছু ভিন্নধর্মী পরিকল্পনা রয়েছে। সেখানে ছোটদের কথা ভেবে আমি ভিডিওটি তৈরি করতে চাই।’
‘একদিন ছোটরাও বড় কিছু হয়’ গানের কথা, সুর ও সংগীতায়োজন মনার। নতুন এ গানটির পেছনে ও তাঁর সংগীতচর্চার পেছনের সবটুকু অবদান তিনি দিতে চান তাঁর মা জাহানারা বেগম ও বাবা শাহজাহান চৌধুরীকে। তিনি বলেন, ‘আমি যেমন তাঁদের জন্য আজ ছোট থেকে বড় হতে পেরেছি, তেমনই প্রতিটি শিশু যেন মা-বাবার প্রতি ভালোবাসাকে উপলব্ধি করতে পারে। তাহলেই আমার এ গান সার্থকতা পাবে।’ মনা জানান, তিনি এখন এই একটি গান নিয়ে অ্যালবাম করার কথা ভাবছেন।