ছয় শিল্পীর পাঁচ অ্যালবাম

ঈদ উপলক্ষে ছয়জন শিল্পীর নতুন পাঁচটি অ্যালবাম প্রকাশ করছে বেঙ্গল ফাউন্ডেশন। বাংলা গানের বিপুল সম্ভারকে সংগীতপ্রেমীদের কাছে পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ। অ্যালবামগুলোতে রয়েছে জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীদের কণ্ঠে চিরায়ত বাংলা গান। এর একটি অ্যালবাম সরোদের।
অ্যালবামগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের প্রেমপর্যায়ের গান নিয়ে ‘সুরের বাঁধনে’। একক ও দ্বৈত কণ্ঠে এতে গেয়েছেন শিল্পী বুলবুল ইসলাম ও শ্রাবণী সেন। অতুলপ্রসাদ-দ্বিজেন্দ্রলাল-রজনীকান্তের গান নিয়ে অ্যালবাম মোদের গরব মোদের আশা-তে কণ্ঠ দিয়েছেন সিফায়েত উল্লাহ। আধুনিক বাংলা গান নিয়ে ভুল করে ভালোবেসেছি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর করেছেন নিপো, সজীব দাশ, লাকী আখান্দ্ ও ফাহমিদা নবী। রবীন্দ্রনাথের গান নিয়ে বেরিয়েছে সেমন্তী মঞ্জরীর অ্যালবাম দেখো রে চিত্তকমলে। এ ছাড়া সরোদে রবীন্দ্রসংগীত অ্যালবামে রবীন্দ্রনাথের বহুশ্রুত আটটি গান সরোদে বাজিয়েছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক বলেন, ‘অনেক দিন ধরেই এ অ্যালবামগুলো প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি আমরা। আশা করছি ঈদের আগেই শ্রোতাদের জন্য বাজারে পৌঁছে যাবে এগুলো।’ অ্যালবামগুলো পাওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন সিডি ও বইয়ের দোকানে।