জগজিৎ সিং স্মরণে সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগজিৎ সিং
জগজিৎ সিং

‘তুম বিন’ ছবির ‘কোই ফরিয়াদ’ গানটি বলিউড ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিল। প্রয়াত জগজিৎ সিংয়ের গাওয়া সেই গানটিই নতুন সংগীতায়োজনের মধ্য দিয়ে আবারও ব্যবহার করা হয়েছে ‘তুম বিন টু’ ছবিতে। তাই এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে, প্রয়াত এ শিল্পীর গাওয়া পুরোনো গানটি ব্যবহারের পাশাপাশি, তাঁর প্রতি যথার্থ সম্মানও প্রদর্শন করতে। এ জন্যই ‘তুম বিন টু’ ছবির দল ভারতের মুম্বাইয়ে জগজিৎ সিংয়ের পঞ্চম মৃত্যুদিবসে তাঁকে স্মরণ করে আয়োজন করছে একটি বিশেষ সংগীতসন্ধ্যার।
২০১১ সালের ১০ অক্টোবর মারা যান ভারতের জনপ্রিয় ও গুণী গজলশিল্পী জগজিৎ সিং। ২০০১ মুক্তি পাওয়া ভূষণ কুমার প্রযোজিত ও অনুভব সিনহা পরিচালিত ‘তুম বিন’ ছবিতে তিনি গেয়েছিলেন ‘কোই ফরিয়াদ’ গানটি। সে সময় এ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গজল ঘরানার গান হলেও ‘কোই ফরিয়াদ’ সব শ্রেণির শ্রোতার মনেই দাগ কাটে সে সময়। তাই প্রযোজক ও পরিচালক যখন সেই ‘তুম বিন’ ছবির সিক্যুয়াল বানানোর পরিকল্পনা করছিলেন, তখনই এর সঙ্গে মৃত্যুর পরও যুক্ত হয়ে যান জগজিৎ সিং। তাঁর কণ্ঠের পুরোনো গানটিতেই নতুন করে যন্ত্রের আধুনিকতা মেশানো হয় এবং ব্যবহার করা হয় নতুন ছবিতে।
আগামীকাল জগজিৎ সিংয়ের পঞ্চম মৃত্যুদিবসে ‘তুম বিন টু’ ছবির প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক অনুভব সিনহা এক বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছেন। তাঁরা জগজিৎ সিংয়ের স্মরণে ভারতের মুম্বাইয়ে সংগীতসন্ধ্যার আয়োজন করেছেন। তাতে গাইবেন রেখা ভরদ্বাজ, হরি হরণ, অনুপ জালোটা ও যশবিন্দর সিং।

‘তুম বিন টু’ ছবিতে অভিনয় করেছেন নেহা শর্মা, আদিত্য সিল ও অসীম গুলাটি। চলতি বছরের ১৮ নভেম্বর ছবিটির মুক্তির কথা আছে। বলিউড হাঙ্গামা।