জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত উৎসবে গান গাইবেন তাঁরা
সংগীত উৎসবে গান গাইবেন তাঁরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের আয়োজনে কাল থেকে শুরু হচ্ছে সংগীত উৎসব। আয়োজকেরা বলছেন, উৎসবটি হবে আন্তর্জাতিক মানের। দুদিনের এই উৎসব অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।
উৎসবের আহ্বায়ক ও উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায় বলেন, ‘জঙ্গিবাদসহ অনেক কিছু মিলে আমাদের সবার মনে একধরনের অস্থিরতা আছে। এখন আমাদের প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়ছেন, এর বাইরেও যাঁরা আছেন, আমরা সবাই সুরের মধ্য দিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। আমাদের তো আসলে ভাষা ব্যক্ত করার জন্য অন্য কোনো মাধ্যম নাই, শুধু সুর ছাড়া। এ জন্যই আমাদের এই আয়োজন।’
গত বছরের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন অণিমা রায়। তিনি জানান, এ নিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো সংগীত উৎসব আয়োজিত হতে যাচ্ছে, যার মধ্যে এবারেরটা আন্তর্জাতিকভাবে প্রথম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই দিনের আন্তর্জাতিক সংগীত উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ট্রেজারার সেলিম ভূঁইয়া এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।
উৎসবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে পণ্ডিত অমরেশ রায়চৌধুরীকে। এ ছাড়া এই আড়ম্বরপূর্ণ আয়োজনে সংগীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, সুবীর নন্দী, শাহিন সামাদ, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অণিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মণ্ডল। আমন্ত্রিত বিদেশি অতিথি হিসেবে উৎসবে অংশ নেবেন ভারত, চীন, ইন্দোনেশিয়ার সংগীতশিল্পীরা। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন উৎসবে।