জন, ইন্ডালো এবং নতুন অ্যালবাম

জন কবির ব্ল্যাক ব্যান্ড ছেড়েছেন কয়েক বছর হয়েছে। এরপর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন। ব্ল্যাক ছেড়ে যাওয়া আর জন কবিরের চুপচাপ থাকা নিয়ে বেশ মর্মাহতই ছিলেন তাঁর ভক্তেরা। হঠাৎ জানা গেল, ইন্ডালো নামে নতুন ব্যান্ড গড়েছেন জন কবির। তাঁর ভক্তদের জন্য আরও সুখবর হচ্ছে, খুব শিগগিরই আসছে ইন্ডালো ব্যান্ডের নতুন গানের অ্যালবাম। নাম, ‘কখন কীভাবে এখানে কে জানে’। আগামী জুলাইতে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ইন্ডালো ব্যান্ডের একটি ট্রেলার।
প্রথম আলোকে জন বলেন, ‘মোট ১৩টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আড়াই বছর ধরে আমরা এই অ্যালবামের গানগুলো নিয়ে ভাবছি। নানা পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে গানগুলো সন্তোষজনক অবস্থায় নিয়ে এসেছি। সবকিছু মিলিয়ে গানগুলো নিয়ে আমরা সন্তুষ্ট।’
অ্যালবাম প্রসঙ্গে জন বলেন, ‘এটা মূলত রক ঘরানার অ্যালবাম। আমরা আসলে আমাদের যে বৈশিষ্ট্য তার সঙ্গে রক মিশিয়ে গানগুলো তৈরি করেছি। আমাদের শ্রোতারা কীভাবে গানগুলো নেবেন, সেটা অনেক বড় ব্যাপার। তাঁরাই সিদ্ধান্ত নেবেন গানগুলো আসলে কেমন হয়েছে।’
গানের কথা প্রসঙ্গে জন বলেন, ‘আমার মনে হয়, গানের কথার দিক দিয়ে আমরা এককালে অনেক শক্ত অবস্থানে ছিলাম। এখন তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমি জানি না কেন! তবে এত কিছুর পরও কিছু কিছু গান কিন্তু ঠিকই কানে লাগে। আমাদের অ্যালবামের ক্ষেত্রে গানের প্রয়োজনে গান লিখেছি তা না। আমাদের এই অ্যালবামের বেশির ভাগ গানই লিখেছে আমাদের ব্যান্ডের সদস্য জুবায়ের। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাঁর অনুভূতিগুলো আমাদের গানে তুলে ধরা হয়েছে। আমরা যখন কোনো গানের সুর করেছি, তখন কীভাবে যেন তাঁর কিছু কিছু লেখা মিলে গেছে। সেভাবেই আসলে জুবায়েরের লেখাগুলোর সুর ও সংগীতায়োজনের মাধ্যমে গান বানানো হয়েছে।’
ইন্ডালো ব্যান্ডের সদস্যরা হলেন জন কবির (কণ্ঠ ও গিটার), বার্ট নন্দিত আড়েঙ্গ (বেজ গিটার), ডিও হক (ড্রামস) এবং জুবায়ের হাসান (কণ্ঠ ও গিটার)।
ইন্ডালো ব্যান্ডের ট্রেলার দেখতে ক্লিক করুন