জন লেননের চুল বিকোল পঁয়ত্রিশ হাজার ডলারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন লেনন
জন লেনন

স্মৃতি বস্তু কিংবা স্মৃতির যেকোনো কিছুই বহুমূল্য, আর তা যদি হয় প্রিয় তারকার, তাহলে সেই অমূল্য বস্তুটির জন্য কোটি টাকা খরচেও কার্পণ্য করবেন না এমন ভক্তের সংখ্যা বিশ্বে নেহাত কম নয়!। সম্প্রতি বিটলস দলের সদস্য কিংবদন্তি গায়ক প্রয়াত জন লেননের একগাছি চুল নিলামে বিক্রি হয়েছে ৩৫ হাজার ডলারে।
মার্কিন মুলুকের ডালাসে অনুষ্ঠিত হয়েছে এই নিলাম। নিলামের আয়োজন করেছিল হেরিটেজ অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠান।
১৯৬৭ সালে ‘হাউ আই ওন দ্য ওয়ার’ ছবিতে অভিনয়ের আগে জন লেনন যে সেলুনে চুল কাটিয়েছিলেন, সেখানকার একজন (হেয়ারড্রেসার) চুল কাটার সময় লেননের চার ইঞ্চি দীর্ঘ চুলের গোছা কেটে তা নিজের কাছে রেখে দিয়েছিলেন।
যুক্তরাজ্যের পল ফ্রেজার নামের একজন স্মৃতি-বস্তু (মেমোরেবিলিয়া) সংগ্রাহক জন লেননের সেই চুল কিনলেন ২০১৬ সালে এসে। আর এর জন্য চড়া দাম দিতেও দ্বিধা করেননি তিনি।
একগাছি চুলের দাম ৩৫ হাজার ডলার—বিষয়টা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। কিন্তু এই চুল তো আর যে সে লোকের মাথায় ছিল না। জন লেননের চুল বলে কথা। যিনি মাত্র একটি গান গাইলেও বিশ্বের সবচেয়ে বহুশ্রুত শিল্পী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকতে পারতেন।
জন লেননের ‘ইমাজিন দেয়ার ইজ নো হেভেন’ গানটি শোনেননি বিশ্বে এমন মানুষ খুব কমই মিলবে। আর যিনি শুনেছেন, তিনিই মুগ্ধ হয়েছেন। মুগ্ধ হয়ে বারবার শুনেছেন লেননের এই অসাধারণ গানটি।
লেননের খোঁজখবর যাঁরা আগে থেকেই রাখতেন, তাঁরা গত শতকের ষাটের দশকে ফিরে আজও খুঁজে ফেরেন ‘বিটলস’কে। লন্ডনের চার তরুণ কী ভীষণভাবেই না কাঁপিয়ে দিয়েছিলেন সংগীত-বিশ্বকে! ষাটের দশকে যেন চারদিক থেকেই জেগেছিল পরিবর্তনের ঢেউ। যেমন প্রাচ্যে ঠিক, তেমনি পাশ্চাত্যেও। ‘দ্য বিটলস’ ব্যান্ড আর ‘ফোর ফ্যাভস’-এর খ্যাতিমান চারের একজন ছিলেন জন লেনন।
বিটলসের পল ম্যাকার্টনি ও জন লেননের লেখা অধিকাংশ গানই সে সময়ে ছিল জনপ্রিয়তার শিখরে। ‘ইন মাই লাইফ, ‘টুমরো নেভার নোজ’, ‘আই অ্যাম দ্য ওয়ালরুস’, ‘হ্যাপিনেস ইজ আ ওয়ার্ম গান’-এর মতো গান কণ্ঠে তুলে নিয়েছিলেন জন লেনন। মুগ্ধ করেছিলেন বিশ্বের লাখো শ্রোতাকে।
লেননের বিটলস ভেঙে যায় ১৯৭০ সালে। আর বিটলস ভেঙে যাওয়ার পর জন লেনন শুধু সংগীত নয়, পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজে অংশ নিতে শুরু করেন। এই একক সংগীতজীবনে জন লেনন সে সময় উপহার দেন ‘মাদার’, ‘গিভ পিস আ চান্স’, ‘মাইন্ড গেমস’, ‘হ্যাপি ক্রিস্টমাস’-এর মতো অসাধারণ সব গান। ১৯৭১ সালে মুক্তি পায় তাঁর বিখ্যাত ‘ইমাজিন’ গানটি।
কী আছে জন লেননের গানে? লেনন তাঁর গানে ভেদাভেদহীন এক বিশ্বে অভিন্ন এক সমাজের কথাই বলেছেন; যা ছিল তাঁর স্বপ্ন। ভিয়েতনাম যুদ্ধের তীব্র প্রতিবাদ করেছেন এই গায়ক। মার্কিন সরকারের সঙ্গে একপর্যায়ে তাঁর সম্পর্ক এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমেরিকা ছাড়তে বলা হয়েছিল তাঁকে। পরে অবশ্য লেনন সেখানকার নাগরিকত্ব পান।
১৯৮০ সালের ৮ ডিসেম্বর তাঁরই এক ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে নিহত হন কিংবদন্তি গায়ক জন লেনন। টিএমজি।