জনসচেতনতার গানে সামিনা

জনগণের মাঝে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা তৈরির একটি গানে সম্প্রতি কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী। আশেক মনজুরের সুরে রাজধানীর সবুজবাগের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। রাতের শেষে দিনের আলো, দিন পেরিয়ে আঁধার বেশ, জ্বলছে আলো, চলছে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, এমন কথায় গানটি লিখেছেন ফারুক আহমেদ এবং আব্দুল গনি। গানটিতে সামিনার সহশিল্পী ক্লোজআপ তারকাখ্যাত গায়ক মুহিন।
সামিনা চৌধুরী বলেন, ‘সচেতনতা তৈরির গানগুলোতে আনন্দটা একটু বেশি থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের গান করতে বেশি আগ্রহী থাকি। সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি নিয়ে এর আগেও অনেক গানে কণ্ঠ দিয়েছি। বরাবরের মতো এবারের গানটির কথা ও সুরে অন্য রকম একটা আবেদন ফুটে উঠেছে। আমার বিশ্বাস, যে উদ্দেশ্য নিয়ে গানটি তৈরি হয়েছে তা সার্থক হবে।’
সামাজিক সচেতনতামূলক এ গানটির মধ্য দিয়ে এবারই প্রথম সামিনা চৌধুরীর সঙ্গে কোনো গানের কাজ করলেন আশেক। বিষয়টি তাঁর জন্য আনন্দের। বললেন, ‘বাংলাদেশের অনেক গুণী শিল্পীর একজন সামিনা চৌধুরী। এ ধরনের একটি বিষয় নিয়ে গান তৈরির ক্ষেত্রে সামিনা আপাকে ভাবছিলাম। পরে তাঁর মতো শিল্পীকে এই গানে পেয়ে কাজটি অনেক সহজ হয়ে যায়। আমার বিশ্বাস গানটি মানুষের মধ্যে সচেতনতা সহায়ক ভূমিকা পালন করবে।’
আশেক এও জানান, জনসচেতনতা তৈরিতে গানটি খুব শিগগির জেলা, থানা, বিভাগীয় শহরগুলোতে ক্যাম্পেইনের মাধ্যমে এবং একযোগে প্রচারমাধ্যমগুলোতে প্রচার করা হবে।