জন্মদিনে আসবে সঞ্জীব চৌধুরীর ‘তোমাকেই বলে দেব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ২৫ ডিসেম্বর, জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সঞ্জীব চত্বরে তাঁর স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সঞ্জীব উৎসব ২০২১’। এটি দশমবারের মতো আয়োজন। ২০১০ সাল থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঞ্জীব উৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজন করছে এ উৎসব।

সঞ্জীব চৌধুরী

এবারের উৎসবে প্রকাশিত হতে যাচ্ছে সঞ্জীব চৌধুরীর গান-কবিতাসমগ্র ‘তোমাকেই বলে দেব’। জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় প্রকাশিতব্য বইটিতে সঞ্জীব চৌধুরীর প্রকাশিত সব গীতিকবিতা স্থান পেয়েছে এক মলাটে। বইটি প্রকাশ করছে আজব প্রকাশ। দশমবারের মতো আয়োজিত এ উৎসবে গান করবেন শুভযাত্রা, জয় শাহরিয়ার, সাবকনশাস, বে অব বেঙ্গল, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, সুহৃদ স্বাগত, দুর্গ, ইন্ট্রোয়েট ও ব্যান্ড বিস্কুট।

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪—১৯ নভেম্বর ২০০৭)
ছবি: সংগৃহীত

সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘দেখতে দেখতে সঞ্জীবদার প্রয়াণের ১৪ বছর হয়ে গেল। উৎসবের এক দশক পার হতে চলল। দাদাকে ভালোবেসেই সঞ্জীব উৎসবের আয়োজন করা। উৎসবের মূল উদ্দেশ্য, যাঁরা দাদাকে কাছে পাননি, তাঁদের কাছে দাদার গান ও গানের দর্শন পৌঁছে দেওয়ার চেষ্টা।’
জয় জানালেন, ‘সঞ্জীব উৎসব ২০২১’ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। বিকেল চারটায় শুরু হবে এই আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সঞ্জীব চত্বরে তাঁর স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সঞ্জীব উৎসব ২০২১’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক ও সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর সঙ্গে বাপ্পা মজুমদার গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। সবাইকে উপহার দিয়েছিলেন অসংখ্য গান—‘আমি তোমাকেই বলে দেব’, ‘রঙ্গিলা’, ‘সাদা ময়লা’, ‘সমুদ্রসন্তান’, ‘জোছনাবিহার’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’, ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘কোন মিস্তিরি নাও বানাইছে’, ‘চাঁদের জন্য গান’ ইত্যাদি।

সঞ্জীব চৌধুরী

সঞ্জীব চৌধুরী ছিলেন জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর করেছেন তিনি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেন এই শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।