জন্মদিনে বরফের রাজ্যে বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

জাস্টিন বিবার যেন খানিকটা একা হয়ে গেছেন। প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকেই কিছুটা চুপচাপ হয়ে পড়েছিলেন গ্রামিজয়ী এই পপসংগীত তারকা। সম্প্রতি তাঁর ২২তম জন্মদিন উদযাপনের জন্য বিচিত্র এক উদ্যোগ নিয়েছিলেন বিবার। বন্ধুদের জড়ো করে সবাই মিলে গিয়েছিলেন বরফের রাজ্যে। সেখানেই প্রিয় বন্ধুদের সঙ্গে বরফের গুহাতে তাঁর ২২তম জন্মদিনটি উদযাপন করেছেন বিবার।
এই ‘লাভ ইয়োরসেলফ’ তারকা নিজের আনন্দের জন্য, নিজেকে ভালোবাসতেই যেন মন যা চায় তা-ই করতে চেয়েছেন। নইলে জন্মদিন উদযাপন করতে নাগরিক ভিড় ঠেলে দূরের বরফ ছাওয়া পাহাড়ে কেউ যায়!

জন্মদিনে বরফের রাজ্যে বন্ধুদের সঙ্গে জাস্টিন বিবার
জন্মদিনে বরফের রাজ্যে বন্ধুদের সঙ্গে জাস্টিন বিবার

ছবি ও ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বিবার তাঁর জন্মদিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বিবারকে বন্ধুদের সঙ্গে বরফের মধ্যে বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে।
বরফ ছাওয়া পাহাড়ের ঢাল বেয়ে শিশুদের মতো গড়িয়ে নামার যে আনন্দ, বিবারের পোস্ট করা একটি ভিডিওচিত্রে এই ‘স্যরি’খ্যাত সংগীত তারকাকে তেমনই উচ্ছল হয়ে উঠতে দেখা গেছে। বিবার এই পোস্টের ক্যাপশনে নিজেকে নিয়ে লিখেছেন, ‘একটা বাচ্চা ছেলে হাসছে!’
এবারের এই জন্মদিনটায় যে এই পপসংগীত তারকা তাঁর বন্ধুদের সঙ্গে বরফের রাজ্যে ঘুরে অনেক নির্মল আনন্দ পেয়েছেন তা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলো দেখলে স্পষ্ট বোঝা যায়।
ভক্তরাও নিশ্চয়ই চাইছেন বিচ্ছেদের বেদনা ভুলে নির্মল আনন্দে ভরে উঠুক তাঁদের প্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবারের জীবন। এই জন্মদিনে কিছুটা হলেও তেমন নির্মল আনন্দই পেয়েছেন এই পপসংগীত তারকা। ইন্দো-এশিয়ান নিউজ।