জন্মদিনে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ জেমস

‘আজ আপনার জন্মদিন। ভক্তরা এসেছে আপনাকে শুভেচ্ছা জানাতে। কেমন লাগছে?’
‘ভালো লাগছে।’
মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি জানালেন জেমস। আজ ২ অক্টোবর এই ব্যান্ড তারকার ৫৩তম জন্মদিন। এ উপলক্ষে বারিধারা ডিওএইচএসের ২ নম্বর রোডে জেমসের স্টুডিওতে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে জেমস ফ্যান ক্লাব। সারা দেশ থেকে আসা এই ক্লাবের ৫০০ সদস্য সুযোগ পান এ আয়োজনে। সঙ্গে ছিল ফেসবুকভিত্তিক আরেকটি সংগঠন ‘জেমস গুরুর দুষ্টু ছেলের দল’। অনেকেই এসেছেন নিজ উদ্যোগে। সব মিলিয়ে আজকের আয়োজনে অংশ নিয়েছেন জেমসের আট শতাধিক ভক্ত।
বিকেল সাড়ে চারটা নাগাদ স্টুডিওতে আসেন জেমস। তখন ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। অনেকেই সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ততক্ষণে এক ডজন কেক আর অনেক উপহার এসেছে জেমসের জন্য। জেমস ফ্যান ক্লাবের কেকটি প্রথম কাটেন তিনি। এরপর এবিসি রেডিওর কেকসহ আরও কয়েকটি কেক কেটেছেন।
ভক্তদের উদ্দেশে জেমস বলেন, ‘কেমন আছিস তোরা?’ এরপর সবাইকে কিছু উপদেশ দেন, ‘তোমাদের ভালোবাসায় আমি অভিভূত। তোমরা এগিয়ে যাও। মানুষের মতো মানুষ হও।’
জেমস ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট প্রিন্স মোহাম্মদ বলেন, ‘আজ গুরু খুবই ভালো মেজাজে ছিলেন। আমাদের বুকে জড়িয়ে ধরেছেন। আমরা গুরুকে কেক খাইয়ে দিয়েছি।’
ঘণ্টা দেড়েক ভক্তদের মাঝে ছিলেন জেমস। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেমস বলেন, ‘ওরা আছে বলেই এখনো গান করছি।’

আজ জেমসের ৫৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেমসের ৫৩টি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সকাল থেকে এসব প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে অনেককেই সেলফি তুলতে দেখা যায়। এসব প্রতিকৃতির নিচে বক্সে লেখা আছে, জেমস ফ্যান ক্লাব। সংগঠনটির প্রেসিডেন্ট প্রিন্স মোহাম্মদ জানান, তিনি নিজ উদ্যোগে কাজটি করেছেন। তবে তাতে নিজের নাম যুক্ত করতে চাননি। তিনি এখন জেমস ফ্যান ক্লাবের দায়িত্বে আছেন। তাই এই সংগঠনের নামেই আজ সারা দেশে এই প্রতিকৃতি লাগিয়েছেন।
আজ জেমসের জন্মদিন উদ্যাপনের পর বছরব্যাপী কাজের পরিকল্পনা করেছে জেমস ফ্যান ক্লাব। প্রিন্স মোহাম্মদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সারা দেশে সবুজায়নের জন্য কাজ করব। আমরা এই সংগঠন থেকে সারা দেশে এক কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আশা করছি, আগামী বছর গুরু জেমসের জন্মদিনে আমাদের এই কাজের একটা চিত্র সবাইকে দেখাতে পারব।’