জন্মদিনে মেহরীনের ভিন্ন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহরীন
মেহরীন

একজন তারকার জন্মদিনের আয়োজন কেমন হয়? প্রশ্নটার উত্তর তো খুব সহজ। কেক কাটা, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় কিংবা কোথাও ঘুরতে যাওয়া। অথবা নামীদামি কোনো রেস্তোরাঁয় তারকাদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি।


কিন্তু এবারের নিজের জন্মদিনটা একটু অন্য রকমভাবেই পালন করতে চাইছেন সংগীতশিল্পী মেহরীন। আগামী ৩০ অক্টোবর শুক্রবার সংগীতশিল্পী মেহরীনের জন্মদিন। এদিনটির আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে একটু ভিন্ন ধরনের আয়োজন করছেন তিনি। এই দিন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানীর সঙ্গে মিলে মেহরীন রক্তদান কর্মসূচির পরিকল্পনা করেছেন। রাজধানীর নীলক্ষেতের ‘সন্ধানী’ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেদিন সকাল ১১টা শুরু হয়ে চলবে পরবর্তী এক ঘণ্টা।

মেহরীন তো বটেই তাঁর শুভাকাঙ্ক্ষী, ভক্ত এবং আত্মীয়-স্বজন অংশ নেবেন এ আয়োজনে।

মুঠোফোনে মেহরীন জানিয়েছেন, ‘জন্মদিনে সবাই অনেক ধরনের আয়োজনই তো করে। আমি না হয় রক্তদান কর্মসূচির আয়োজন করলাম। সমাজের জন্য কিছু তো করা হলো। এটাই শান্তি। আর রক্ত দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। অথচ বেঁচে যেতে পারে অন্য কারও জীবন।’

তবে আরও একটা বিষয়ও আগাম জানিয়ে দিয়েছেন মেহরীন। সেখানে তাঁর সঙ্গে যে কেউ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে যেতে পারেন। এ আয়োজনেও সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মেহরীন।

সংগীতশিল্পী মেহরীনের সর্বশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল গেল ঈদ উল ফিতরে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের মাধ্যমে। এ ছাড়া সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ চলচ্চিত্রের জন্য একটি গানও রেকর্ড করেছেন কয়েক দিন আগে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।