জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা
রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এ বছর তাঁর সংগীতজীবনের অর্ধ শতক পার করেছেন। আজ তাঁর জন্মদিন। ‘শিল্পী আমি’, ‘বন্ধু দিন তিন’, ‘সাধের লাউ, ‘দামা দাম মাস্ত কালান্দার’, ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘দে দে পেয়ার দে’র মতো জনপ্রিয় গানসহ দশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই ‘সুর-সম্রাজ্ঞী’।

১৯৫২ সালের ১৭ নভেম্বর এমদাদ আলী এবং আমিনা লায়লা দম্পতির ঘর আলো করে এসেছিল শিশুটি। কিন্তু কেউ কী জানত এই মেয়েই একদিন বড় হয়ে তাঁর কণ্ঠের জাদুতে দুনিয়া মাতাবেন। হয়ে উঠবেন এই উপমহাদেশের কিংবদন্তি ‘শিল্পী’, যার গানে অযুত শ্রোতার মন ভরবে!

বর্তমানে যুক্তরাজ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই তারকা সংগীতশিল্পী। আজ ১৭ নভেম্বর তাঁর ৬৩তম জন্মদিন সেখানেই পালন করবেন তিনি। তবে, জন্মদিন শুরুর একদিন আগে থেকেই ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন রুনা লায়লা।

রুনা লায়লা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাইকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


গানের জগতের সেরাদের দলে নাম লেখালেও তাঁর প্রথম হাতেখড়ি কিন্তু হয়েছিল নাচে। বাবার চাকরির সুবাদে থাকতেন পাকিস্তানের করাচিতে। মায়ের আগ্রহেই বুলবুল একাডেমী অব ফাইন আর্টসে ভরতনাট্যম এবং কত্থক নাচের তালিম নেওয়া। কিন্তু তাঁকে যে গানের জগতে আসতেই হতো। বড় বোন দিনা লায়লা গান শিখতেন। ওস্তাদজি বড় বোনকে গান শেখানোর সময় আশপাশেই থাকতেন ছোট্ট রুনা। যে গান শুনতেন তার সুর তুলে ফেলতেন খুব অল্প সময়ের মধ্যেই। তাঁর এই প্রতিভা বাবা মায়ের মনোযোগ আকর্ষণ করেছিল। আর এরপর থেকে গানের তালিম নিতে থাকেন রুনা লায়লা। তখন তাঁর বয়স খুব বেশি হলে চার কি পাঁচ। সেই থেকেই শুরু।

এই সংগীতশিল্পীর মঞ্চে প্রথম গান গাওয়ার ঘটনাটিও ঘটেছিল হুট করেই। করাচিতে ঢাকা ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গান পরিবেশনের কথা ছিল বড় বোন দিনার। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ায় আয়োজকেরা ছোট বোনকে দিয়েই গান গাওয়ানোর সিদ্ধান্ত নেন। ছয় বছরের রুনা সেদিনই প্রমাণ করে দিয়েছিলেন নিজেকে। পরে তাঁর মায়ের কাছে শুনেছিলেন, সেদিন নিজের চেয়ে প্রায় দ্বিগুণ বড় এক তানপুরা বাজিয়ে গান গেয়ে মাতিয়ে দিয়েছিলেন উপস্থিত সবাইকে। শিশু শিল্পীর এমন ‘বড় কাণ্ডে’ খুশি হয়ে সেদিন অনেকেই নাকি তাঁর জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন।

এরপর থেকে রুনার ঝুলিতে জমা হয়েছে অসংখ্য পুরস্কার। এই সংগীতশিল্পী প্রথম প্লেব্যাক করেছিলেন উর্দু ছবি ‘জুগনু’-তে। তখন তাঁর বয়স মাত্র ১২। সেটি ১৯৬৫ সালের কথা। এই একই ছবিতে রুনা ১২ বছরের এক ছেলে এবং নায়িকার জন্য গানে কণ্ঠ দেন। ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দেন রুনা লায়লা। প্রথমবারের মতো বাংলা সিনেমায় মাহমুদুন্নবীর সঙ্গে ‘গানের খাতায় স্বরলিপি লিখে’ শিরোনামের দ্বৈত সংগীতে কণ্ঠ মেলান তিনি।

জনপ্রিয় এই শিল্পী এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সর্বমোট ছয় বার। অর্জন করেছেন স্বাধীনতা পদক, ভারতের সায়গল পুরস্কার, পাকিস্তানের ক্রিটিকস পুরস্কার, ন্যাশনাল কাউন্সিল অব মিউজিক পুরস্কার (স্বর্ণপদক) সহ আরও অনেক পুরস্কার। তাঁর সঙ্গে উপমহাদেশের অসংখ্য ভক্ত-শ্রোতার ভালোবাসা তো আছেই।