জমকালো আয়োজনে মিউজিক অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আসরে গাইছেন সাবিনা ইয়াসমীন ও ফেরদৌসী রহমান
দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আসরে গাইছেন সাবিনা ইয়াসমীন ও ফেরদৌসী রহমান

‘বাইরে গেলে এখনো সবাই আমাকে “খালামণির ভাই” বলে ডাকেন। আমার বাবার পরে আমার বড় পরিচয় আমি খালামণির ভাই। এটা কিন্তু কম পাওয়া নয়।’ মঞ্চে দাঁড়িয়ে বললেন মুস্তাফা জামান আব্বাসী। পাশে দাঁড়ানো সেই ‘খালামণি’, মানে তাঁরই বড় বোন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তাঁকে নিয়ে এত কথা বলার কারণও আছে। এবারের দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা তুলে দেওয়া হলো তাঁর হাতে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। বিটিভির গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’ থেকে শুরু করে ফেরদৌসী রহমানের সংগীতের পেছনের অবদান তুলে ধরেন সবাই। তবে আজীবন সম্মাননা পেয়ে ফেরদৌসী রহমান বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন গান করি। এত দিন তাঁর স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। জীবনে অনেক পুরস্কারও পেয়েছি। এই পুরস্কার আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
গত সোমবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানকে ঘিরে বসেছিল সংগীতশিল্পীদের মিলনমেলা। আজীবন সম্মাননার পাশাপাশি সংগীতের পেছনে অবদানের জন্য এ বছর ক্রিটিক ও পপুলার চয়েসে মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এ বছর ক্রিটিক বিভাগে পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমীন (রবীন্দ্রসংগীত), খায়রুল আনাম শাকিল (নজরুলসংগীত), কিরণচন্দ্র রায় (লোকসংগীত), সামিনা চৌধুরী (আধুনিক গান), স্মরণ (নবাগত শিল্পী), নকীব খান (সংগীত পরিচালক), জুলফিকার রাসেল (গীতিকার), সৈয়দ কামাল (কাভার ডিজাইন), মিশাইল কবির (সাউন্ড ইঞ্জিনিয়ার), চিরকুট (সেরা ব্যান্ড), শুভব্রত সরকার (মিউজিক ভিডিও নির্মাতা), ছায়াছবির গান বিভাগে ভালবাসা আজকাল সিনেমায় কিশোর ও ন্যান্সির গাওয়া ‘এই প্রথম একটি মুখ’ গানটি পুরস্কার পায়।
পপুলার চয়েস পুরস্কারপ্রাপ্তরা হলেন তাহসান (আধুনিক), জলের গান (সেরা ব্যান্ড), স্মরণ (নবাগত শিল্পী), চন্দন সিনহা (ছায়াছবির গান), কৃষ্ণকলি (ফিউশন)।
পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল নবীন-প্রবীণ শিল্পীদের মন মাতানো নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনা করেন শহিদুল আলম সাচ্চু। ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আইতে শিগগিরই সম্প্রচার করা হবে।