জলতরঙ্গের গীতি-আলেখ্য

গানে গানে বছর পুরলো। জলতরঙ্গ আরও সুরেলা হয়ে শ্রোতাদের উপহার দিল একটি গীতি-আলেখ্য সন্ধ্যা। স্বাধীনতার মাসে ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’ নামের এক আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করল সংগঠনটি।
আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংগীত বিদ্যায়তন মিলনায়তনে আয়োজন করা হয়েছিল এ গীতি-আলেখ্য। তাতে স্বাধীন বাংলা বেতারের গানগুলোসহ আরও বেশ কিছু গান নিয়ে সাজানো হয় এ গীতি-আলেখ্যটি। তাতে ‘ও আমার দেশের মাটি’, ‘গাঁয়ের বধূ’, ‘আলোর পথযাত্রী’, ‘হেই সামালো’, ‘অবাক পৃথিবী’সহ ছিল আরও একগুচ্ছ গান। ছিল কবিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘এক সময় ভোর হলেই গানের রেওয়াজ শোনা যেত। এখন আর যায় না। শিল্পকলাকে ক্ষতিগ্রস্ত করছে বাণিজ্য। একসময় যেকোনো সংগ্রামে গান তৈরি হতো। এখন সংগ্রাম নেই, আছে দুর্বৃত্তের আধিপত্য।’ জলতরঙ্গের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘গানের মাধ্যমে মানুষের পারস্পরিক আত্মীয়তা দৃঢ় হয়। এ সংগঠন সেটা করবে, সেটাই আমার প্রত্যাশা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের সংগঠক আশফাকুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন জাকির হোসেন। উপস্থিত থাকতে না পারা আরেক অতিথি শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর কন্যা প্রয়াত হওয়ায় শিল্পীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আয়োজকেরা।