জলফড়িং নিয়ে দেবলীনা

রবীন্দ্রসংগীতে ডিগ্রি আছে তাঁর। পড়েছেন শান্তিনিকেতন ও রবীন্দ্রভারতীতে। কিন্তু যাত্রা শুরু হলো নিজের মৌলিক অ্যালবাম দিয়ে। তিনি দেবলীনা সুর। তাঁর প্রথম অ্যালবামের নাম জলফড়িং। অ্যালবামের সাতটি গানের মধ্যে ছয়টি গানই নিজে লিখেছেন। আর সুর? সেটাও দেবলীনার। বাকি একটি গান লিখেছেন সুমন সাহা। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন ইমন সাহা। তবে খবর হলো, আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি বাজারে আসছে আজ। রাজধানীর একটি রেস্টুরেন্টে এটির মোড়ক উন্মোচন করা হবে।
অ্যালবামটি সম্পর্কে দেবলীনা বলেন, ‘এটা আমার প্রথম অ্যালবাম। বুঝতেই পারছেন আমার আনন্দের মাত্রা। প্রথমটি মৌলিক অ্যালবাম হলেও আমার পরবর্তী অ্যালবাম আসবে রবীন্দ্রসংগীতের ওপরে। এরই মধ্যে কাজ শুরু করেছি।’
শুধু তা-ই নয়, দেবলীনা সিনেমায় প্লেব্যাকও করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া বৃহন্নলা ছবিতে গান গেয়েছেন তিনি। আর নতুন অ্যালবাম বের হচ্ছে অগ্নিবীণার ব্যানারে।