জসের কোমল কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মঞ্চে গাইছেন জস স্টোন
ঢাকার মঞ্চে গাইছেন জস স্টোন

বাংলাদেশের শ্রোতারা জস স্টোনের গান খুব বেশি শুনেছেন কি? কনসার্টে আগত বেশ ক’জনের কাছে জানতে চাইলে তাঁদের কেউ বলেন, খুব একটা শোনা হয়নি। আবার কেউ বলেন, আজই প্রথম শুনব।
আলো জ্বললেই মঞ্চ থেকে দর্শকদের কাছে এগিয়ে আসেন জস স্টোন। উন্মুক্ত পদযুগল। এক পায়ে নূপুর, অন্য পা খালি। যে হাতে ব্রেসলেট নেই বেশির ভাগ সময় সেই হাতেই ধরে ছিলেন মাইক্রোফোন। তাঁর স্বতঃস্ফূর্ততায় বোঝাই যাচ্ছিল না যে, বাংলাদেশে প্রথমবার এসেছেন তিনি।
আসনে বসেই শিল্পীর পরিচিত গানগুলো ‘গুগল’ করে নিতে দেখা যায় এক দর্শককে। ব্রিটিশ এই শিল্পী ‘বিট লাভ’, ‘ড্রাইভ ওয়ান’, ‘সুইট ক্লোজ’ গানগুলোই হয়তো গাইবেন। গাইতে শুরু করলে দেখা গেল, গুগলে পাওয়া গানগুলো মিলছে না। প্রথম দুটি গান করেই দর্শকদের উদ্দেশে জস বললেন, ‘এবার আমার সঙ্গে গাইতে হবে কিন্তু।’
মঞ্চ ছেড়ে ততক্ষণে জস স্টোন নেমে গেছেন দর্শকদের ভেতরে। মঞ্চে রইলেন তাঁর বাজিয়ে দল, কোরাসের দুই নারী শিল্পী আর মাইক্রোফোনের স্ট্যান্ডটিতে বাধা স্কার্ফ। দর্শকদের বাড়িয়ে দেওয়া অসংখ্য হাত থেকে এক একটি করে হাত ধরে গাইতে গাইতে নাচতে লাগলেন তিনি। দর্শকদের নাচিয়েই শেষ নয়, নিজেও মঞ্চজুড়ে নেচে-গেয়ে একসার করেছেন। দর্শকেরা একের পর এক মুঠোফোনে ছবি তুলছেন দেখে, তিনিও দর্শকদের ছবি তুলে নিলেন নিজের মুঠোফোনে।
মঞ্চের ওপরে কখনো নেচে, কখনো চা পান করতে করতে দর্শকদের সঙ্গে গল্প আর রসিকতায় মেতে ওঠেন জস স্টোন। গেয়ে শোনান ‘নিউ বর্ন’, ‘সুপারডুপার লাভ’, ‘হ্যারি সিম্ফনি’, ‘টেল মি হোয়াট উই আর গনা ডু নাও’-সহ বেশ কয়েকটি গান। সব মিলিয়ে দর্শকেরা দারুণ উপভোগ করেন জসের কোমল এই কনসার্ট। বিশেষ করে বিভিন্ন দূতাবাস থেকে আসা বিদেশি অতিথিরা।
গতকাল শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে করা হয়েছিল ‘পপ রিপাবলিক’ নামের এই কনসার্ট। লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টে ঢাকার শিল্পীদের মধ্যে গান করেন মিনার, আরমীন, রাফা, এলিটা ও জন।