জাদুঘরে আজ গাইবেন ইয়াসমিন মুশতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসমিন মুশতারি
ইয়াসমিন মুশতারি

গানের মঞ্চে পরিবেশনার সময় সাধারণত শিল্পীই থাকেন শুধু, আজ সঙ্গে একজন কথকও থাকবেন। তিনি পাঠ করবেন কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং প্রাসঙ্গিক গানটি গাইবেন ইয়াসমিন মুশতারি।
আজ ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সংগীতসন্ধ্যায় গাইবেন ইয়াসমিন মুশতারি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম। মঞ্চে শিল্পীর সঙ্গে কথক হিসেবে থাকবেন রণজিৎ বিশ্বাস। ‘শীতের হাওয়ায় লাগল নাচন’ নামের এই সংগীতসন্ধ্যার আয়োজক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।
সংগঠনটির সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিম জানিয়েছেন, নতুন বছর ও শীতকে উদ্‌যাপন করতেই এই আয়োজন। নজরুলের গান ছাড়াও এই অনুষ্ঠানে থাকবে দেশের গান। অতিথি হিসেবে কথা বলবেন বেশ কয়েকজন গুণীজন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েও একটি গান করবেন ইয়াসমিন মুশতারি।
ইয়াসমিন মুশতারি বলেন, ‘আমরা সূর্যমুখীর এই আয়োজনটি তাদের অন্যান্য অনুষ্ঠানের মতোই গোছানো। আর এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমী। এখানে গান-কথার এক চমৎকার মেলবন্ধন দেখবেন দর্শকেরা। রণজিৎ বিশ্বাস খুব ভালো একজন বক্তা; তাঁর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারাটা ভীষণ আনন্দের।’
জাদুঘরের এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।