জাদুঘরে গাইলেন সুস্মিতা পাল

কদিন পরেই বিশ্বকবির জন্মদিন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাঁর জন্ম উৎসব পালন। তারই অংশ হিসেবে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছিল শিল্পী সুস্মিতা পালের একক রবীন্দ্র সংগীতানুষ্ঠান।
আজ শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান শোনালেন পশ্চিম বাংলার শিল্পী সুস্মিতা পাল। তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত মোহিত করেছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের শ্রোতাদের।
‘প্রভু তোমা লাগি’ গানের মধ্যদিয়ে শুরু হয় সুস্মিতার পরিবেশনা। এর পর একে একে তিনি গেয়ে শোনান ‘কোথায় আলো’, ‘তোমার আমার এই বিরহের অন্তরালে’, ‘আমারে করো তোমার বীণা’, ‘লুকিয়ে আসো আঁধার রাতে’, ‘সুখের মাঝে তোমায় দেখেছি’, ‘বঁধু তোমার’সহ বেশ কিছু গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। আয়োজন প্রসঙ্গে কথা বলেন, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ।
২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপন উপলক্ষে যৌথভাবে এ আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর ও রবীন্দ্র একাডেমি। গান শুরুর আগে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান।