জাদুঘরে মাহনাজ করিমের গানের আসর

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান শোনান শিল্পী মাহনাজ করিম হোসেন।
শুক্রবার সন্ধ্যার এ অনুষ্ঠানের শুরুতে ছিল বক্তৃতা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. শওকত নবী বলেন, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বস্তুগত এবং নির্বস্তুক উভয় ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে থাকে। নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের অংশ হিসেবে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এই সংগীতানুষ্ঠান।’
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ইব্রাহীম হোসেন খান বলেন, সন্ত্রাস, ধর্মীয় জঙ্গীবাদ এবং মাদকাসক্তি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য এ ধরনের সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি চর্চাই কেবল পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিল্পী মাহনাজ করিম হোসেন একক পরিবেশনা। তাঁর পরিবেশনায় ছিল ‘সকাতরে ওই কাঁদিছে সকলে,শোনো শোনো পিতা’, ‘মেঘের 'পরে মেঘ জমেছে’, ‘ওলো সই, ওলো সই’, ‘আমি পথভোলা এক পথিক’, ‘ও যে মানে না মানা’, এমন দিনে তারে বলা যায়’,সহ রবীন্দ্রনাথ প্রকৃতি,পূজা, প্রেম পর্বের বেশ কিছু গান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় জাদুঘরের কর্মকর্তা শিহাব শাহরিয়ার।