জাসাস থেকে ন্যান্সির অব্যাহতি

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিলেন সংগীতশিল্পী ন্যান্সি। সম্প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
প্রথম আলোকে ন্যান্সি বলেন, ‘জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতির পদটি পাওয়ার পর থেকে অনেকেই বলতে শুরু করেন, আমি নাকি দলীয় প্রভাব খাটিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি। কথাগুলো শোনার পর নিজের কাছেই খারাপ লাগে। আমি আমার সংগীতের ক্যারিয়ার নিয়ে কারও সঙ্গে কোনো আপস করিনি। কোনো ধরনের সুবিধা নেওয়ার প্রশ্ন তো সেখানে আসারই কথা না। পদটি নিয়ে অনেক কথাও হয়েছে। আমি যা শুনতে ও মানতে কোনোভাবেই রাজি নই। তাই নিজের ইচ্ছে থেকে জাসাসের পদ থেকে সরে দাঁড়িয়েছি।’
ন্যান্সি এও বলেন, ‘পদে না থেকেও সারা জীবন কীভাবে বিএনপিতে থাকা যায়, সেটাই আমি প্রমাণ করব।’
জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার পর এখন অনেক ভালো আছেন ন্যান্সি। পুরোপুরিভাবে মনোযোগ দিয়েছেন গানে। নিয়মিত মহড়া আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে তাঁর। বললেন, ‘আমি এখন পুরোপুরিভাবে গান নিয়ে ভাবছি। গানই আমাকে ন্যান্সি বানিয়েছে। শ্রোতাদের কীভাবে চমৎকার গান উপহার দেওয়া যায় এখন সেই ভাবনা আমাকে তাড়া করে ফিরছে। সঙ্গে আছে স্টেজ শোর ব্যস্ততা।’
ন্যান্সি তাঁর বর্তমান অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট। বললেন, ‘এখন অনেক ভালো আছি। এই ভালোটাই আমি থাকতে চাই। শান্তির একটা জীবন চাই। স্বামী, দুই সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকাটাই এখন আমার লক্ষ্য।’
ঈদুল ফিতরে অনলাইনে প্রকাশিত হয়েছে ন্যান্সির নতুন গানের অ্যালবাম ‘দুষ্টু ছেলে’। কিছুদিনের মধ্যেই তা সিডি আকারে প্রকাশিত হবে বলেও জানান তিনি।