জায়েন মালিকের 'প্রথম গান'

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য জায়েন মালিকের জন্মদিন ছিল এ মাসের ১২ তারিখে। ২৩ বছর বয়সী এই সংগীতশিল্পী এই জন্মমাসেই তাঁর প্রথম অ্যালবাম ‘মাইন্ড অব মাইন’-এর প্রথম গানটি প্রকাশ করলেন।
‘পিলোটক’ শিরোনামের এই গানটির ভিডিওচিত্র প্রকাশ করেছেন মালিক। এক খবরে এ তথ্য জানিয়েছে সানডে টাইমস।
গানটি প্রসঙ্গে জায়েন মালিক বলেছেন, ‘আমি মনে করি এ গানটি যে বিষয়টি নিয়ে, সে ব্যাপারে আমি পুরোপুরি স্বচ্ছ।’ তিনি এ প্রসঙ্গে এও জানিয়েছেন, প্রত্যেকেরই যৌনতা নিয়ে কিছু বলার আছে। জীবনের একটি উল্লেখযোগ্য অংশ এটি। কার্পেটের নিচে লুকিয়ে রাখার বিষয়টি এটি নয়। এ নিয়ে কথা বলার দরকার আছে।
জায়েন মালিকের জন্মদিন উপলক্ষে তাঁর বর্তমান প্রেমিকা তারকা মডেল জিজি হাদিদ এই সংগীতশিল্পীকে উপহার দিয়েছিলেন ‘জেড’ অক্ষরের একটি লকেটসহ চেইন। জিজি তাঁর প্রেমিক জায়েন মালিককে দেওয়া এই উপহারটির ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
জায়েন মালিকের সঙ্গে সম্পর্ক গড়ার আগে মার্কিন মডেল ও অভিনেত্রী জিজি হাদিদের জীবনে এসেছিলেন মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাস। জোনাসের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর জিজির সম্পর্ক গড়ে ওঠে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসনের সঙ্গে। কিন্তু সে সম্পর্কটিরও ইতি ঘটে ২০১৫ সালেই। ২০১৬ সালে জিজি হাদিদ প্রেমে পড়েন জায়েন মালিকের। ইন্দো-এশিয়ান নিউজ।