জুরি হিসেবে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এর এবারের আসরে জুরিবোর্ডের সদস্য হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ মঙ্গলবার তেমনটাই জানিয়েছেন রুনা লায়লা নিজে।
রুনা লায়লা বলেন, ‘শুনেছি, “দাদাসাহেব ফালকে পুরস্কার” কর্তৃপক্ষ জুরিবোর্ডের সকল সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে বিষয়টি অনেক বেশি আনন্দের। আমাকে জুরিবোর্ডের সদস্য করার ব্যাপারটিও ছিল অনেক আনন্দের। আমরা সবাই জানি, ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার এই দাদাসাহেব ফালকে পুরস্কার। এই পুরস্কার আসরের অংশ হতে পারা অনেক সম্মানেরও বটে।’
এর আগে রুনা লায়লা প্রথম আলোকে জানিয়েছিলেন, এমন একটা বড় আয়োজনে আমাকে জুরি হিসেবে ভাবা হয়েছে, এর জন্য দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর এবারের আসরে জুরিবোর্ডের সদস্য হতে সম্মত আছেন কিনা জানতে ১৬ জানুয়ারি দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন থেকে রুনা লায়লার কাছে একটি চিঠি আসে। মাসের শেষে রুনা লায়লা তাঁর সম্মতির কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন।