জেমসের গান শোনার দাওয়াত

‘দেখা হবে লাল সবুজের মহা উৎসবে। দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। চোখ রাখুন ১৬ ডিসেম্বর গানবাংলা টেলিভিশনের পর্দায়।’ এভাবেই গানপাগল শ্রোতাদের গান শোনার আহ্বান জানালেন জনপ্রিয় ব্যান্ড গায়ক জেমস।
আজ শুক্রবার বিকেলে বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে গান গাইবেন জেমস। ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের আয়োজনে লাল সবুজের মহোৎসবের আজ সমাপনী দিন।
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও আজ রাতে জাতীয় সংসদ ভবনের সামনে গান গাইবেন জেমস। এই কনসার্ট নিয়ে এক ভিডিও বার্তায় জেমস বলেন, ‘জাতীয় সংসদ ভবনের সামনে গান শোনাতে আসছি। দেখা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ অনুষ্ঠানে।’
মহান বিজয় দিবস উপলক্ষে সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ’ কনসার্টে জেমস ছাড়াও গাইবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, মমতাজ, অবসকিউর ও চিরকুট ব্যান্ড। সবগুলো অনুষ্ঠানে প্রাধান্য পাবে দেশপ্রেমের চেতনাধর্মী গানগুলো। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্রবাহিনীর প্রায় ৩০ হাজার সদস্যদের জন্য রয়েছে ‘বিজয় সন্ধ্যা ২০১৬’ শীর্ষক সংগীতানুষ্ঠান। এখানে মূল আকর্ষণ জেমস। ওই দিন রাত সাড়ে ৮টা থেকে তাঁর পরিবেশনা সরাসরি দেখাবে এসএ টিভি। ইভেন্ট টাচের সহযোগিতায় নবম পদাতিক ডিভিশনের এ আয়োজনে অনুষ্ঠানে আরও গাইবেন আশিক, রন্টি, কর্নিয়া, কণিকা, বৃষ্টি। নাচবে নৃত্যভূমি। উপস্থাপনায় তানিয়া হোসাইন ও ফুয়াদ।
জেমস যেসব গান পরিবেশন করবেন তার মধ্যে ‘মনে পড়ে সুধাংশু সেই উনিশ পাঁচ দুই’, ‘বাংলার লাঠিয়াল’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘পলাশীর প্রান্তর’, ‘মান্নান মিয়ার তিতাস মলম’সহ দেশাত্মবোধ ও দেশের বিভিন্ন ঐতিহ্য নিয়ে সাজানো নিজের জনপ্রিয় গান।