জেল হতে পারে বিবারের!

ভুল কারণে শিরোনাম হওয়াটা যেন অভ্যাসে পরিণত করেছেন। সেলেনা গোমেজকে আবার নিজের হৃদয়রাজ্যে ফিরে পাওয়ার সুখবরটা টাটকা থাকতেই আবারও অঘটন ঘটালেন জাস্টিন বিবার। সেলেনাকে নিয়ে ছুটি কাটাতে কানাডায় গিয়েছিলেন। সেখানকার এক সৈকতে মাত্রাতিরিক্ত গতিতে এটিভি (সৈকতে চালানোর জন্য ছোট গাড়ি) চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটান। একটি মিনিভ্যানে গিয়ে ধাক্কা মারে তাঁর গাড়ি।
ওই ঘটনার পর জনপ্রিয় এই সংগীত তারকাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলেন বিবার। এর মধ্যে দুবারই গ্রেপ্তার হয়েছেন কানাডায়। কানাডা যেন তাঁর জন্য কানা কপাল! শুধু তা-ই নয়, সর্বশেষ ঘটনার পর আবেক্ষণাধীন অবস্থায় ছিলেন বিবার। শর্ত ছিল, এরপর আর কোনো দুর্ঘটনা ঘটাবেন না। সেই শর্তের লঙ্ঘন হওয়ার কারণে এখন এক বছরের জন্য জেল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাঁর। যদিও বিবারের আইনজীবীরা দাবি করেছেন, মোটা অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে, জেল হওয়ার আশঙ্কা নেই। কারণ, মিয়ামির সেই দুর্ঘটনার সঙ্গে কানাডার এই দুর্ঘটনার কোনো মিল নেই।
জেল না হোক, হাজতবাস যে বিবারের নিয়মিত ঠিকানা হয়ে উঠছে! হলিউড লাইফ।