
হয়তো না জেনে কেউ এ আঙিনায় ঢুকলে ধাঁধায় পড়ে যেত। প্রধান ফটক পেরোতেই চোখে পড়ে দেয়ালজুড়ে আঁকা বড় বড় সংগীত-কিংবদন্তির ছবি আর উক্তি। বি বি কিং, অর্নেট কোলম্যান, জিমি হ্যানড্রিক্স, এরিক ক্ল্যাপটন, অ্যামি ওয়াইনহাউস—কে নেই এই স্মৃতিকাতর দেয়ালে। মনে হবে, যেন পৌঁছে গেছি কোনো সুর-সংগীতে ঘেরা জাদুঘরে। কিন্তু কয়েক কদম পেরোলেই সেই ধারণা বদলে যাবে আবার। মনে হবে, এটা হয়তো শহরের ভোজনরসিকদের এলাকা। শহরের নামী খাবারঘরগুলোর অস্থায়ী পসরা দেখে সাধারণের এটাই মনে হওয়ার কথা। তবে মাঠের শেষ প্রান্তে থাকা নীল আলোয় ঘেরা মঞ্চ কাউকে ভ্রমে পড়তে দেয় না। বিশাল মঞ্চটি মনে করিয়ে দেয় এই সন্ধ্যা জ্যাজ অ্যান্ড ব্লুজ গানে বুঁদ হওয়ার জন্য। এত আয়োজন শুধুই সংগীতপ্রেমীদের জন্য। তাই জাদুঘরের বিস্ময় আর ভোজের মায়া কাউকে মাঠের ও প্রান্তে বেঁধে রাখতে পারে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চের মাইক্রোফোনটি বেজে ওঠে প্রথমবার। সেখান থেকে আসনে বসার আহ্বান জানান দেয়, সুরের মোহ এবার বাকি সবকিছুকে ভুলিয়ে দেবে। এখনই শুরু হবে জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫-এর প্রথম দিনের আয়োজন। রাত আটটায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে মঞ্চে বক্তব্য দেন এ আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোজ-দ্য-নবরেগা, গ্রামীণফোনের ডিরেক্টর ও হেড অব মার্কেটিং নেহাল আহমেদ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
গওহর রিজভী তাঁর বক্তব্যে স্মরণ করেন প্রয়াত বিশাল খায়েরের কথা। তিনি ছিলেন একজন একনিষ্ঠ জ্যাজ ও ব্লুজ ভক্ত, সেই সঙ্গে এক মেধাবী সংগীতশিল্পীও। মূলত তাঁকে স্মরণ করেই ব্লুজ কমিউনিকেশনস সাজিয়েছে ব্লুজ ও জ্যাজ গানের এই উৎসব।
উৎসবটি বাংলাদেশের গানের ধারা ও চর্চাকে এগিয়ে নেওয়ার। তাই শুরুটা হলো বাংলাদেশের দল নিয়ে। মঞ্চে উঠল ইমরান আহমেদ কুইনটেট। প্রথম পরিবেশনাটি ছিল তাদের মৌলিক সুর, নাম ‘লাইটস’। ইমরানের দলে তাঁর সঙ্গে বাজান রবার্ট জ্যাসন (পিয়ানো), রাহিন হায়দান (স্যাক্সোফোন), মোহাইমেন করিম (বেইজ) এবং তৌফিক তূর্য (ড্রামস)।
বাংলাদেশি দল ইমরান আহমেদ কুইনটেটের পরিবেশনার পর খানিক বিরতি। সংগীত পরিবেশনার সামনে কিছু সময়ের জন্য ঝিমিয়ে পড়া খাবার দোকানগুলো আবার চাঙা হয়ে উঠল। প্রায় ১৭টি খাবারের দোকান মাঠজুড়ে তাদের পসরা সাজিয়েছে। ‘হাংরি নাকি’ সব দোকানকে এক করেছে। দ্য ওয়েস্টিন, নান্দোস, লক্ষ্ণৌ, লাইভ কিচেন, নর্থ অ্যান্ড কফিরোস্টার, দোসা এক্সপ্রেস, ম্যাড শেফ-এর মতো খাবারের দোকানগুলো তাদের সেরা তালিকা নিয়ে হাজির হয়েছে এই উৎসবে।
বিরতি শেষ হতেই মঞ্চে উঠলেন ভারতের জ্যাজ শিল্পী বসুন্ধরা বিদ্যালুর তাঁর দল নিয়ে। মঞ্চে উঠেই তিনি জানালেন এক নতুন তথ্য। ইংরেজিতে বললেন, আমার শিকড় এ দেশেই, বরিশালে। কিন্তু দেখুন, কী অবাক করা বিষয়, এত দিনে এ দেশের মঞ্চে গান করার সুযোগ মিলল। নতুন তথ্য দিয়ে বিদ্যালুর শুরু করলেন তাঁর প্রথম গান, নির্ভানার ‘অ্যাজ ইউ আর’। এরপর একে একে গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ আর অবাক করেই গেলেন। বসুন্ধরার ব্যাপারে আরও একটি তথ্য আছে জানার মতো। গত বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ভারতীয় চিলড্রেন অব ওয়ার ছবিতে দুটি গান করেছেন তিনি।
তারপর মঞ্চে ওঠার কথা যুক্তরাষ্ট্র থেকে আসা সাই মাইস্ট্রো ট্রিওর। তবে মঞ্চমুখী দর্শকেরা অধীর জন ম্যাকলাফলিনকে শোনার জন্য। রাত যত গভীর হতে থাকে, ম্যাকলাফলিনের জন্য সংগীত অনুরাগীদের অপেক্ষা হয়ে ওঠে আরও গাঢ়। তবে সুর আর নজরকাড়া উপস্থাপনা দিয়ে বসুন্ধরা বিদ্যালুরের মঞ্চ দখল করার কায়দা বলে দিল রাতের শুরুটাই এমন হলে প্রথম দিনের শেষে ম্যাকলাফলিনের গিটারের মোহ কতটাই না সুর-মাদকতা ছড়াবে এ শহরে।