জয় ও পূজার গান অনলাইনে

কাল ৫ জানুয়ারি অনলাইনে প্রকাশিত হবে জয় শাহ্রিয়ার ও পূজার নতুন গান ‘তোমার জন্য মন’। আই টিউনস, অ্যামাজন, গুগল প্লে, স্পটিফাই সহ অনলাইনের ২৫০টি পোর্টালে প্রকাশিত হবে ‘তোমার জন্য মন’। এ ছাড়া, একই সঙ্গে গানটির ভিডিওচিত্র প্রকাশ পাবে ইউটিউবে।
‘তোমার জন্য মন’ গানের কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন জয় শাহ্রিয়ার। প্রকাশ করছে আজব রেকর্ডস। আর গানের ভিডিও নির্মাণ করেছেন প্রীত রেজা।
একক গান প্রকাশ প্রসঙ্গে জয় শাহ্রিয়ার বলেন,‘পৃথিবী জুড়ে এখন একক গান প্রকাশের ব্যাপারটি কিন্তু দারুণ জনপ্রিয়। এখন অনেক শিল্পীই তাঁদের অ্যালবামের উল্লেখযোগ্য ১টি বা ২টি গান প্রথমে সিঙ্গেল হিসেবে প্রকাশ করে থাকেন। তারপর বাকি গানের সমন্বয়ে পুরো অ্যালবাম প্রকাশ করেন।’
জয় বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের এই বিষয়টি দেখার পর, ভাবলাম আমরাই বা কেন পিছিয়ে থাকব? ২০১৩ সালে আমি এই প্রক্রিয়ার গান প্রকাশ করি। আমার প্রথম গানটির শিরোনাম ছিল ‘‘ছুতো”। শুরুতে বিষয়টিকে অনেকে নেতিবাচকভাবে দেখলেও এখন বেশ ইতিবাচক।’
এদিকে পূজা বলেন,‘গানটির কথা-সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। আমি নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’