জয় শাহরিয়ারের 'তোমার জন্য মন'

এবারের ভালোবাসা দিবসে প্রকাশিত হবে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গানের অ্যালবাম ‘তোমার জন্য মন’। দ্বৈত গানের এই অ্যালবামে তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন পূজা ও নাওমি।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামে গান থাকবে সাতটি। চারটি দ্বৈতকণ্ঠের গানে জয় শাহরিয়ারের সঙ্গে দুটি গানে নাওমি ও দুটি গানে কণ্ঠ দিয়েছেন পূজা।
অ্যালবামের জন্য গান গাওয়ার পাশাপাশি এ অ্যালবামের সব কটি গানের কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত হতে যাওয়া এ অ্যালবামটি অনলাইনে সারা বিশ্বের শ্রোতারা পাবেন। পাশাপাশি সিডি আকারেও অ্যালবামটি প্রকাশিত হবে।
গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেছেন, ‘দ্বৈত গান আমি খুব কমই করেছি। সে জায়গা থেকে ইচ্ছে ছিল এমন কিছু গান করবার। তাই করে ফেললাম। আর ভালোবাসার গান প্রকাশের জন্য সবচেয়ে ভালো উপলক্ষ হিসেবে ভালোবাসা দিবসকে বেছে নেওয়া। আশা করি, গানগুলো সবার ভালো লাগবে।’
প্রসঙ্গত, জয় শাহরিয়ারের ‘তোমার জন্য মন’ অ্যালবামের দুটি গান ‘তোমার জন্য মন’ ও ‘ভালোবাসার গান’ এরই মধ্যে সিঙ্গেল বা একক গান হিসেবে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। আর এবার পুরো অ্যালবামটিই অনলাইন ও সিডিতে এসেছে।