জয়ের গান করলেন রূপঙ্কর

ওপার বাংলায় অভিষেক হলো ঢাকার সংগীতশিল্পী জয় শাহ্রিয়ারের। তাঁর সুর ও সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে ‘আঁধারের বৃষ্টিতে’ গানটির।
‘গভীরে যাও’, ‘এ তুমি কেমন তুমি’, ‘রূপকথা’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী রূপঙ্কর বাগচী। জয়ের সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশেরই মানুষ। বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়েই করি। আগেও কিছু কাজ করেছি। ‘আঁধারের বৃষ্টিতে’ গানটির সুর ও সংগীত বেশ। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই ভালো লাগবে।’
নতুন এ গান নিয়ে জয় শাহ্রিয়ার বলেন, ‘রূপঙ্কর বাগচীর গায়কি আমার ভীষণ ভালো লাগে। আমার অনেক দিনের ইচ্ছে যে, তাঁর সঙ্গে কাজ করব। কাজটি করতে পেলে ভালো লাগছে।’ জয় জানান, আসছে ঈদুল আজহায় গানটি বাজারে আসবে। শোনা যাবে জিপি মিউজিকেও। ‘আঁধারের বৃষ্টিতে’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।