জয়ের সুরে গাইলেন শিলাজিৎ

বাংলাদেশের জন্য একটি গান গাইলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। জয় শাহরিয়ারের সুরে ‘অসহায়’ শিরোনামের এই গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। সিএমভির ব্যানারে প্রকাশিতব্য শিলাজিৎ-এর একক গানটি ঈদে জিপি মিউজিক অ্যাপস-এ শোনা যাবে।
সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটি রেকর্ড শেষে শিলাজিৎ বলেন, ‘বাংলাদেশের গান গাইতে পেরে স্বস্তি পেয়েছি। গানটির কথা-সুর আমাকে টেনেছে, ভাবিয়েছে খুব। তাই মনভরে গাইলাম, তৃপ্তি পেলাম। সামনে আরও গাইবার ইচ্ছে আছে।’
এদিকে গানটির সুরকার-সংগীত পরিচালক জয় শাহরিয়ার বলেন, ‘দুই যুগ ধরে আমি তাঁর গানের মুগ্ধ শ্রোতা। ইচ্ছে ছিল তাঁর সঙ্গে একটা গান করার। সেটি এবার হয়ে গেল। গানটি করতে গিয়ে বুঝলাম, তিনি শুধু শিল্পী হিসেবেই নন, মানুষ হিসেবে অনেক বড় হৃদয়ের। ভাবতে ভালো লাগছে, তিনি গান গাইলেন আমার সুর-সংগীতে। এটি আমার সংগীতজীবনের অন্যতম অর্জন।’
ত্রিশ বছরের সংগীতজীবনে শিলাজিৎ মজুমদার এক ডজনেরও বেশি অ্যালবামে গান করেছেন। অভিনয়ের সঙ্গে গান করেছেন প্রায় বিশটি চলচ্চিত্রে। তাঁর জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে ‘লাল মাটির সরানে’, ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’, ‘ভগবান’, ‘এক্স ইকুয়্যালটু প্রেম’, ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’ কিংবা ‘হেমলক সোসাইটি’র ‘জলফড়িং’ প্রভৃতি।