ঝলমলে গ্র্যামি, উজ্জ্বল স্যাম


বিয়ন্স নোয়েলসের সফেদ আলো ছড়ানো পরিবেশনা, কেনি ওয়েস্ট আর পল ম্যাকার্টনির সঙ্গে রিয়ানার নতুন গান কিংবা ম্যাডোনার স্বল্পবসনা নৃত্য—সবকিছু ছাপিয়ে ৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর মাতিয়েছে একটাই নাম। ২২ বছরের তরুণ স্যাম স্মিথ। পুরস্কার নেওয়ার জন্য তাঁকে মঞ্চে উঠতে হয়েছে চারবার! এতগুলো পুরস্কার জিতে স্যাম স্মিথ সবার আগে কাকে ধন্যবাদ জানালেন? সাবেক প্রেমিকাকে! হাসতে হাসতে তিনি বলেন, ‘হৃদয় ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ। ছেড়ে গিয়েছিলে বলেই আজ আমি চার চারটে পুরস্কার জিতেছি!’ রেকর্ড অব দ্য ইয়ার আর সং অব দ্য ইয়ার—দুটো পুরস্কার পেয়েছে স্যামের ‘স্টে উইথ মি’ গানটি। শুধু গানে মাতাতেই নয়, পুরস্কার নিতে বারবার মঞ্চে উঠতে হয়েছে বিয়ন্স নোয়েলসকেও। ‘ড্রাঙ্ক ইন লাভ’ গানটি তাঁকে এনে দিয়েছে এ সাফল্য।
এক ‘হ্যাপি’ গান দিয়ে বিশ্ব মাতিয়েছেন ফ্যারেল উইলিয়ামস। সেরা মিউজিক ভিডিওর পুরস্কারজয়ী গানের নামটা তাই অবাক করেনি। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে একের অধিক পুরস্কারজয়ী আরেক সংগীতশিল্পী বেক। বছরের সেরা অ্যালবাম আর সেরা রক অ্যালবাম—দুটো পুরস্কার জিতেছে তাঁর মর্নিং ফেজ অ্যালবামটি। ৮ ফেব্রুয়ারি এই বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রের স্ট্যাপেলস সেন্টারে হাজির হয়েছিলেন গানের ভুবনের সব বড় তারকা। ডেইলি মেইল।