টিএসসিতে সংগীত উৎসব

‘ওরে নীল দরিয়া’, ‘কেউ কোনও দিন আমারে তো কথা দিল না’, ‘চুমকি চলেছে একা পথে’ গানগুলো কে লিখেছেন, সুরই বা কে করেছেন এসব জানেন না বেশিরভাগ বাঙালি। নতুন প্রজন্মের কাছে এর মূল শিল্পীরাও অচেনা। বরং তারা জানেন জনপ্রিয় এই গানগুলোর নতুন শিল্পীদের। অথচ যুগ যুগ ধরে জনপ্রিয় এই গানগুলোর গীতিকার, সুরকার এবং সংগীতপরিচালকেরা ছিলেন অবহেলিত, অনাদৃত।
বাংলা চলচ্চিত্রের স্বর্ণসময়ের এই গানগুলোর কারিগরদের সম্মাননা জানানোর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে শুরু হয়েছে চলচ্চিত্রের গান নিয়ে দুই দিনের সংগীত উৎসব ২০১৫। চলচ্চিত্রের গান নিয়ে এ রকম উৎসবের আয়োজন এবারই প্রথম। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে ১৯৫৬ থেকে ২০১০ সাল পযন্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলি পরিবেশনা ও সেগুলোর গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালককে সম্মানিত করা হয়েছে।
প্রদীপ প্রজ্জালন, সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমেদ এবং কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান।
উৎসবের প্রথম দিনে সম্মাননা জানানো হয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান আলম, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, আলম খান, সত্য সাহা (মরণোত্তর), খোন্দকার নূরুল আলমকে। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আরেফিন সিদ্দিক বলেন, ‘যে সমাজে ভিন্নমত থাকবে কিন্তু হত্যা, নিপীড়ন থাকবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সমাজ ও মানুষ তৈরির চেষ্টা করে যাচ্ছে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘নভেম্বর থেকে ঢাকায় একের পর এক সংস্কৃতি ও সাহিত্য উৎসব শুরু হয়েছে। জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব, লোকসংগীত উৎসব হয়ে গেল। সামনে আসছে ঢাকা সাহিত্য উৎসব। উৎসবগুলো চলবে আগামী এপ্রিল পর্যন্ত। আমরা আরও বড় আকারে এসব অনুষ্ঠান করে ঢাকাকে এই অঞ্চলের সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করব।’
তিনি জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে সংগীত, নৃত্য এবং নাট্যকলা বিভাগ আছে, তাঁদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড চালানোর জন্য সীমিত সাধ্যের ভেতর সরকার অর্থ-সহায়তা দিতে চায়।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান মহসিনা আক্তার খানম (লীনা তাপসী)। গীতিকার, সুরকারদের প্রাপ্য সম্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় গান করার সময় বলে, রুনা ম্যামের গান করছি, সাবিনা ম্যামের গান করছি। আমরা তাঁদের শেখাতে ব্যর্থ হয়েছি যে গানগুলো কাদের লেখা, কাদের সুর করা।’
তিনি জানান, সম্মানিত এই গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের কথা নতুন প্রজন্মকে জানাতেই এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে একটি আর্কাইভও তৈরি করা হবে। যা থেকে এই মানুষদের সম্পর্কে জানা যাবে। তিনি বলেন, ‘প্রতি বছর আমরা এই উৎসব আয়োজন করব। পরবর্তীতে এই উৎসবে যন্ত্রসংগীতশিল্পীদেরও অন্তভূক্ত করার চেষ্টা করব।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক কুহেলী ইসলাম। বক্তব্য রাখেন অন্যান্য অতিথিরাও। সম্মাননা পাওয়ার পর নিজেদের অনুভূতির কথা জানান বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালকেরা।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিত, দ্বৈত ও একক কণ্ঠে গেয়ে শোনান বাংলা চলচ্চিত্রের ‘হায়রে আমার মন মাতানো দেশ’, ‘এ মাটি আমার ভায়ের রক্তে’, ‘অনেক সাধের ময়না আমার’, ‘মনের রঙে রাঙাব’সহ আরও বেশ কয়েকটি গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গাওয়ার কথা রয়েছে ‘এই যে আকাশ’, ‘কাদরে মোরে জানে না’, ‘গান হয়ে এলে’সহ আরও বেশ কয়েকটি গান। অনুষ্ঠানে আরও গান গাওয়ার কথা রয়েছে সম্মানিত অতিথি শিল্পী মো. খুরশীদ আলমের।
আগামী কাল এই উৎসবের দ্বিতীয় দিনে বেশ কজন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে সম্মাননা জানানো হবে।